×

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে নিবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্র থেকে রিজউদ্দিন মোল্লা (১৭) নামে এক নিবাসীর (কয়েদীর) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের একটি আসামী সেলে এঘটনাটি ঘটে।

নিহত রিজ উদ্দিন ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার আব্দুল গফুর মোল্লার ছেলে বলে জানা গেছে। তাকে কিশোরগঞ্জ জেলা থেকে একটি মাদক মামলায় আটক করে টঙ্গী শিশু উন্নয়ন (বালক) কেন্দ্রে রাখা হয়।

টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার ডা: হেলাল উদ্দিন জানান, আসামী সেলে ওই নিবাসীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুততম সময়ের মধ্যে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাই। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। ভারতীয় নাগরিক রিজউদ্দিন মোল্লা কিভাবে মারা গেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।