×

টঙ্গীতে শীর্ষ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

মো. জাকির হোসেন, টঙ্গী: গাজীপুরের টঙ্গীর শীর্ষ মাদক ব্যবসায়ী মাহবুবুর রহমান স্বপন (৩৫) পশ্চিম থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।


পুলিশ জানায়, জামালপুরের ইসলামপুর উপজেলার বুলকার চর গ্রামের আব্বাস আলীর ছেলে স্বপনের বিরুদ্ধে টঙ্গী পুর্ব ও পশ্চিম থানায় মাদক ব্যবসা, হত্যাসহ বিভিন্ন অপরাধে ২৩টি মামলা রয়েছে।
২৩ মামলায় সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরোয়ানার আদেশপত্র টঙ্গী পশ্চিম থানায় এলে পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। এরই মধ্যে স্বপন স্বেচ্ছায় সুস্থ জীবনে ফিরে আসতে গাজীপুর সিটি কর্পোরেশন ৫৭ নাম্বার ওয়ার্ড কাউন্সিল গিয়াস উদ্দিনের মাধ্যমে আত্মসমর্পণের আবেদন জানান।


স্থানীয় ওয়ার্ড কাউন্সিল গিয়াস উদ্দিনের উপস্থিতে তার কার্যালয়ে বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে আসামি স্বপন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ আলমের কাছে আত্মসমর্পণ করেন। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে থানায় নিয়ে যায় পুলিশ।


এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, স্বপন গাজীপুরের টঙ্গী মাজার বস্তি এলাকায় পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন। সেখানেই তিনি মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন। টঙ্গী পশ্চিম থানায় তার বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে। তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করলেও তার বিাংদ্ধে পৃথক ২৩ গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এবিষয়ে জিএমপি’র সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (টঙ্গী জোন) আশরাফ-উল-ইসলাম বলেন, আসামি স্বপন এখন অনুতপ্ত। আমাদের কাছে কথা দিয়েছে সে সুস্থ জীবনে ফিরে আসতে চায়। আইনি প্রক্রিয়া মেনে এবং স্বেচ্ছায় সুস্থ জীবনে ফিরে আসা ব্যক্তিদের নিয়ে বর্তমান সরকারের নানামুখী উদ্যোগের আলোকে আমরা চেষ্টা করে দেখবো তার জন্য কিছু করা যায় কিনা।