×

মাদকের ছোবল থেকে বাঁচতে যুবসমাজকে খেলাধুলা করতে হবে : কাউন্সিলর সোলেমান হায়দার

মো. জাকির হোসেন, টঙ্গী :
গাজীপুর সিটি করপোরেশন ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. সোলেমান হায়দার বলেছেন, নিয়মিত খেলাধুলা করলে যুব সমাজ মাদকে আসক্ত হবে না। মাদকের ছোবল থেকে বাঁচতে যুব সমাজকে খেলাধুলা করতে হবে। খেলাধুলা করলে ছেলে-মেয়েদের দৈহিক গঠন সুঠাম ও নিরোগ হবে।


শুক্রবার রাতে গাজীপুরের টঙ্গী বড় দেওড়া শিংবাড়ি মোড় হায়দার পাবলিক স্কুল মাঠে আয়োজিত মহান বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২০ বছরব্যাপী ব্যাডমিন্টন খেলার পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এ. এইচ মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র এ অনুষ্ঠানের আয়োজন করে।


ছাত্রলীগ কার্যনির্বাহী সংসদের সাবেক সহসভাপতি এডভোকেট মো. আজিম হায়দার আদিমের সভাপতিত্বে ও গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাকিব হাসান জসিমের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাজিব হায়দার সাদিম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৫৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মো. সেলিম তালুকদার, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের টঙ্গী পশ্চিম থানার সভাপতি হাজী মনিরুজ্জামান মনির। এতে আরও বক্তব্য রাখেন এস.এম রকিব উদ্দিন রনি, আরিফুল ইসলাম, সকাল শেখ, তানভীর মাহতাব জয় প্রমুখ।


প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, এলাকার উঠতি বয়সী যুবসমাজ যাতে বিপথগামী না হয় সেজন্য তাদেরকে খেলাধুলায় মগ্ন রাখার জন্য ৫৩নং ওয়ার্ডে একটি খেলার মাঠ জরুরী দরকার। তাই আমি গাজীপুর সিটি করপোরেশনের মানবিক মেয়র এডভোকেট জাহাঙ্গীর আলমের কাছে আমাদের ওয়ার্ডের জন্য একটি খেলার মাঠ, একটি গণকরবস্থান, একটি হাইস্কুল এবং একটি মা ও শিশু মেডিকেল সেন্টারের জন্য জোর দাবি জানিয়েছি। আমি আশা করছি মেয়র মহোদয় দাবিকৃত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি বলেন, ৫৩নং ওয়ার্ডটি মাদকমুক্ত রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এছাড়াও ছিনতাইকারী, চাঁদাবাজ, নেশাখোর আমার ওয়ার্ডে ঠাই পাবে না। তিনি আরও বলেন, প্রতিবছর দুইবার করে নিজ উদ্যোগে ওয়ার্ডের ময়লা-আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি। এবারও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলতে। তিনি বলেন, এলাকায় নির্মল বাতাস ও অক্সিজেনের ঘাটতি পূরণে পুরো ওয়ার্ডে ব্যাপক বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হচ্ছে।


শেষে বিজয়ী এ. এইচ মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের সদস্যদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও বিজিত তাহেরি ক্রীড়া চক্রের সদস্যদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।