×

টঙ্গীতে কার্টন কারখানায় আগুন : তিন শ্রমিক আহত

নিজস্ব প্রতিবেদন, টঙ্গী : গাজীপুরের টঙ্গী তিলারগাতী এলাকায় বুধবার বিকেলে এসকে ট্রিমস এন্ড ইন্ডাষ্ট্রিজ লি. নামক কার্টন তৈরি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে তিন শ্রমিক আহত হয়েছেন। আহতরা হলেন- মো. রিপন মিয়া (৩০), মো. আজাদ হোসেন (২৮) ও সোহেল মিয়া (২৬)। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে কারখানার মালিক এম এ কাইয়ুম হাওলাদার দাবি করেন।


শ্রমিকরা জানায়, বিকেল পৌণে ৪টার দিকে কার্টন তৈরি মেশিনের (করগেটেড) হিটার থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুনের লেলিহান শিখা আশপাশের কার্টনসহ মেশিনপত্রে ছড়িয়ে পড়ে। কারখানার নিজস্ব অগ্নিনির্বাপক দল আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুন কারখানায় ছড়িয়ে পড়লে দুটি করগেটেড মেশিন, কার্টন তৈরির মালামালসহ আসবাবপত্র পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে তিন শ্রমিক আহত হন।


এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী ফায়ার স্টেশন কর্মকর্তা মো. ইকবাল হোসেন কারখানায় অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা যাওয়ার আগেই কারখানার নিজস্ব দমকল বাহিনী আগুন নেভাতে সক্ষম হন।