বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত ও তার বোন রঙ্গোলি চান্ডেল তাদের বিরুদ্ধে মুম্বাই পুলিশের দায়ের করা এফআইআর বাতিলের জন্য বোম্বে হাইকোর্টে আর্জি জানিয়েছেন। এই দু’জনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোষ্টের মাধ্যমে ‘সাম্প্রদায়িক বিভেদ এবং ধর্মীয় উত্তেজনা’ তৈরির অভিযোগে ওই এফআইআর দায়ের করে মুম্বাই পুলিশ।
এই এফআইআর দায়ের হওয়ার পরেই বান্দ্রার ম্যাজিস্ট্রেট কোর্ট কঙ্গনা এবং তার বোনের বিরুদ্ধে সমস্ত অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেয়। কঙ্গনার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি বলেন, ‘কঙ্গনা এবং রঙ্গোলি বোম্বে আদালতে এফআইআর এবং ম্যাজিস্ট্রেটের নির্দেশ বাতিলের জন্য পিটিশন জমা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য দু’জনের বিরুদ্ধে জারি করা সমনের উপরেও স্থগিতাদেশ জারি করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, পুলিশ যাতে তাদের বিরুদ্ধে কোনো কঠোর বা দমনমূলক পদক্ষেপ না করে, সেই কথাও বলা হয় সেখানে।
মুম্বাই পুলিশ এর আগে জিজ্ঞাসাবাদের জন্য দু’দফায় তাদের ডেকেছিল। কিন্তু কঙ্গনা এবং রঙ্গোলি সেটা এড়িয়ে যান। তাদের আইনজীবী এর আগে পুলিশকে জানান, ভাইয়ের বিয়ে উপলক্ষে কঙ্গনারা ১৫ নভেম্বর পর্যন্ত হিমাচল প্রদেশে ব্যস্ত থাকবেন। গত সপ্তাহে মুম্বাই পুলিশ ফের কঙ্গনা এবং তার বোনকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় বারের মতো ডেকেছে।
