×

রাজনীতিতে যোগ দিচ্ছেন শ্রীলেখা!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ফের আলোচনার কেন্দ্রবিন্দু টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তবে, এবার কোনো অভিনয়, বিতর্কিত বক্তব্য বা নিছক নিজেকে নিয়ে রসিকতার জন্য নয়। বরাহনগরে গত রোকবার সিপিএমের পক্ষ থেকে একটি ফ্রি কোচিং ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন তিনি। আর এটা নিয়েই শুরু হয় গুঞ্জন।

তারপরেই প্রশ্ন উঠে, শ্রীলেখা এবার রাজনীতিতেও? এ বিষয়ে প্রশ্ন করা হলে এক গাল হেসে তার উত্তর, ‘মনে হচ্ছে তাই? তা হলে তাই-ই…।’  এরপরেই শ্রীলেখা বললেন, ‘আমি কট্টর বামপন্থী। আজ নয়, বরাবরই। সে কথা প্রথম প্রকাশ্যে আসে সৌরভ পালধির একটি ডিজিটাল প্ল্যাটফর্মের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর। বাম নেতারাও জানেন আমার সমর্থন রয়েছে তাদের প্রতি।’

অনেকেই যখন হয় শাসক দল নয় প্রধান বিরোধী দলে নাম লেখাচ্ছেন তখন শ্রীলেখা কি উল্টো হাওয়ার পন্থী? এ বিষয়ে তার উত্তর: ‘হঠাৎ করে সবুজ বা গেরুয়া রঙে নিজেকে রাঙিয়ে নেওয়া যায়। কিন্তু লাল পতাকাকে সমর্থন করতে গেলে সেটা হঠাৎ করে হয় না। তার জন্য শিক্ষার প্রয়োজন। কারণ, এই একটি রাজনৈতিক দল ভীষণ শিক্ষিত।’

তিনি আরো বলেন, ‘‘নব্বই দশকে মোবাইল ছিল না, কিন্তু ‘চিত্রহার’ ছিল।লোডশেডিং ছিল। লোডশেডিংয়ে ছাদে মাদুর পেতে পড়াশোনা ছিল, যা এই প্রজন্ম ভাবতেই পারে না। কারণ, তারা স্মার্ট, স্মার্টফোনের দৌলতে। যা বুদ্ধি, চিন্তাশক্তি ক্রমশ ভোঁতা করে দিচ্ছে। আমরা কিন্তু তখন স্বাধীন ভাবে অনেক কিছুই ভাবতাম। আমরাই আসলে বেশি স্মার্ট ছিলাম।“