নিজস্ব প্রতিবেদক, ঢাকা : নাম তার রশ্মিকা মন্দনা। তরুণ প্রজন্মের কাছে খুবই পরিচিত নাম এটা। কারণ রশ্মিকাই ‘ন্যাশনাল ক্রাশ’। দীপিকা, ক্যাটরিনা, দিশা পাটনির মতো বলিউডের তাবড় তাবড় নায়িকাকে পিছনে ফেলে দিয়েছেন এই রশ্মিকা। সার্চ ইঞ্জিন গুগলে ‘ন্যাশনাল ক্রাশ অব ইন্ডিয়া’ লিখে সার্চ করলে রশ্মিকার ছবিই দেখতে পাবেন।
তবে গ্ল্যামার দুনিয়া মানেই বলিউড নয়, আর বলিউডে তন্ন তন্ন করে খুঁজলেও রশ্মিকাকে খুঁজে পাবেন না। কারণ এখনও বলিউডে তিনি পা রাখেননি। তিনি মূলত কন্নড় ফিল্মের নায়িকা। ২০১৬ সালে কন্নড় ফিল্ম ‘কিরিক পার্টি’তে তিনি ডেবিউ করেন। কন্নড় ছাড়া তেলুগু ফিল্মেও চুটিয়ে কাজ করছেন রশ্মিকা।
তাকে দর্শকেরা এতটাই পছন্দ করেছেন যে এই অল্প সময়ের মধ্যেই তিনি ১০০ কোটি টাকার মালিক হয়ে গেছেন। সারা ভারত খুঁজলেও এমন কোনো অভিনেত্রী পাওয়া যাবে না যিনি এই অল্প সময়ে এত টাকা উপার্জন করে ফেলেছেন।
রশ্মিকার জন্ম কর্নাটকের বিরাজপেটে। কলেজে পড়ার সময় থেকেই পড়াশোনার পাশাপাশি তিনি মডেলিং করতেন। প্রচুর বিজ্ঞাপনেও দেখা গিয়েছে তাকে। বিজ্ঞাপনের শ্যুটিংয়ের সময় তার একটা ছবি দেখেই কন্নড় ফিল্ম ‘কিরিক পার্টি’র পরিচালকের পছন্দ হয়ে গিয়েছিল তাকে। পরিচালক নিজেই তাকে ফিল্মের প্রস্তাব দেন।
২০১৭ সালে দক্ষিণী নায়ক রক্ষিত শেট্টিকে বিয়ে করেন তিনি। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই তাদের বিচ্ছেদও হয়ে যায়।
