×

টঙ্গীতে পোশাককর্মীর লাশ উদ্ধার ॥ স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : গাজীপুরের টঙ্গীতে খাদিজা বেগম (১৮) নামে এক পোশাককর্মীর লাশ উদ্ধার করেছে পশ্চিম থানা পুলিশ।

বৃহষ্পতিবার ভোর রাতে সাতাইশ মাতব্বর বাড়ি এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় নিহতের স্বামী রিপন মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।


নিহত খাদিজা জামালপুর জেলার বকসীগঞ্জ থানার মালিরচর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।


পুলিশ জানায় ও এলাকাবাসী জানায়, খাদিজা সাতাইশ মাতব্বর বাড়ি এলাকার জনৈক আলম মিয়ার বাড়ির ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস করে আসছিলো। তারা উভয়েই পৃথক পৃথক পোশাক কারখানায় কাজ করতো। পারিবারিক খুঁটিনাটি বিষয়াদি নিয়ে প্রায়ই স্বামী রিপন মিয়ার সাথে তার কথা কাটাকাটি হতো। গত বুধবারও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। প্রতিদিনের ন্যায় ওইদিন রাতে কারখানার কাজ শেষে বাসায় ফেরে খাদিজা। স্বামী রিপন মিয়া তার পোশাক কারখানা থেকে রাত দেড়টার দিকে বাসায় ফিরে স্ত্রী খাদিজাকে ডাকতে থাকে। এসময় তার কোন সাড়াশব্দ না পেয়ে জানালার ফাঁকে ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ওড়না পেঁচানো খাদিজার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে প্রেরণ করেন।


এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার (ওসি) মো. শাহ আলম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের স্বামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।