নিজস্ব প্রতিবেদক, টঙ্গী: গাজীপুরের টঙ্গীতে নেশার টাকা না পেয়ে মো. রনি (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।
শুক্রবার ভোরে কড়ইতলা বস্তির নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে গামছা পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। নিহত রনি কাঁঠালদিয়ার কড়ইতলা বস্তির ইব্রাহিম মিয়ার ছেলে। সে দীর্ঘদিন যাবত মাদকাসক্ত ছিল। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে প্রেরণ করেন।
পুলিশ জানায়, মাদকাসক্ত কিশোর রনি গত বৃহস্পতিবার রাতে তার পরিবারের সদস্যদের কাছে টাকা চাইলে তাকে কেউ টাকা দেন নি। এ সময় রনি টাকা না পেয়ে রাত ৯টার পর বাড়ি থেকে বের হয়ে যায়। পরে রাতে বাসায় ফিরে আসে। শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে নিজ ঘরে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেয়।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার (ওসি) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
