×

রাজশাহীতে বিশেষ লকডাউনের মেয়াদ ২৪ জুন পর্যন্ত

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী: রাজশাহীতে ২৪ ঘন্টায় ১৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (১৬ জুন) রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে ৫৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া ল্যাব দুুটিতে ৩৬৩ জনের করোনা নেগেটিভ শনাক্ত হয়েছে। মৃত্যু ও সংক্রমণ না কমায় রাজশাহী সিটি করপোরেশন এলাকায় বিশেষ লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহের জন্য বাড়িয়েছে (২৪ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে) জেলা প্রশাসন।
বুধবার (১৬ জুন) রাত সাড়ে ৮টা থেকে ৯ টা পর্যন্ত রাজশাহী সার্কিট হাউজে রাসিক মেয়র এ এইচএম খায়রুজ্জামান লিটন ও প্রশাসনের কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে, সাংবাদিকদের জানান মেয়র লিটন। ওইসময়, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদারসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র হতে জানা যায়, বুধবার রাজশাহী মেডিকেল কলেজে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে রাজশাহী,নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের মোট ৫৬০ জন রোগীর করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ১৪৯ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা নেগেটিভ আসে। রাজশাহীতে ২১২ জনের করোনার নমুনা পরীক্ষা করে ৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। নাটোরের ৮ জনের করোনার নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

রাজশাহীতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১১ জুন থেকে সাতদিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়। ১৭ জুন রাত ১২টায় এর মেয়দ শেষ হওয়ার কথা ছিল। পরিস্থিতি বিবেচনা করে একদিন আগেই আরও ৮ দিনের সর্বাত্মক এ লকডাউন ঘোষণা করা হয়। সাংবাদিকদের মেয়র লিটন বলেন, গত ছয়দিন রাজশাহীতে করোনা পরিস্থিতির কোন উন্নতি হয়নি। সংক্রমণ উঠানামা করলেও মৃত্যু হার কমেনি। ফলে সর্বাত্মক লকডাউন ১৭ তারিখের পর আরও সাতদিন বাড়নো হয়েছে।

জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, ‘এই লকডাউনে বৃহস্পতিবার থেকে রাজশাহী সিটিকে জেলা থেকে একেবারে বিচ্ছিন্ন করা হবে। জেলা থেকে মহানগরীর অভ্যন্তরের প্রবেশের সমস্ত পথ বন্ধ করে দেয়া হবে। যাতে করে মহানগরী থেকে কেউ এর বাইরে কিংবা জেলা থেকে কেউ মহানগরীতে প্রবেশ করতে না পারে। জরুরি সেবা ব্যতিত সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে।’