ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : পুলিশের অভিযানে রাজশাহীতে অপরহরণ চক্রের ৪ সদস্য আটক হয়েছে। রাজশাহীর পবা থানার একটি পুলিশ টিম ওই ৪জনকে আটক করে। আটককৃতরা হলেন, নগরীর শাহমখদুম থানার রোড নওদাপাড়া এলাকার মৃত আব্দুল সামাদ তালেবের ছেলে রফিকুল ইসলাম (৩০), বোয়ালিয়া থানার অলোকার মোড়ের আমিনুরের ছেলে আতিকুর রহমান বাপ্পী (২৮), নগরীর চন্দ্রিমা থানার নামোভদ্রা পদ্মা আবাসিক এলাকার হামিম আল ফজলে নুর ওরফে শুভ্র (২৮) ও পবা থানার চৌবাড়িয়া গ্রামের ইউসুফ আলী মাস্টারের স্ত্রী নার্গিস নাহার হেলেন (৫৫)।
আটককৃতরা মূলত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা রোগী এবং তাদের আত্নীয় স্বজনদের টার্গেট করতো। তারা বিভিন্ন কৌশলে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি ও পরে অপহরণের নাটক সাজিয়ে অর্থ আদায় করে আসছিল।
গতকাল রবিবার বিকালে নগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, রাজশাহী মেডিকেল কলেজ, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারকে কেন্দ্র করে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতারক চক্রটি। চক্রের মূল টার্গেট নারী। সম্পর্কর এক পর্যায়ে তারা নিজেদের কোনো জায়গায় নিয়ে গিয়ে অশ্লীল ভিডিও ধারণ করতা। পবে ব্যাকমেইল করে টাকা আদায় করতো।
