নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর : মেহেরপুর জেলার মুজিবনগরে মোটর সাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে সুজন আলী (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত পৌনে ৯টার দিকে মুজিবনগর-টেংরামারি বাইপাস সড়কের শিবপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ওই দুর্ঘটনায় সাঈদ হোসেন (১৯)অপর এক যুবক আহত হয়েছেন। নিহত সুজন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জগনাথপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে। আহত সাঈদ হোসেনের বাড়িও একই গ্রামে। নিহত সুজন পেশায় একজন সেলুন কর্মচারী বলে জানা গেছে।
স্থানীয় যুবক সোহাগ আলী জানান, সুজন ও তার বন্ধু সাঈদ মোটর সাইকেলযোগে টেংরামারি থেকে শিবপুরের দিকে যাচ্ছিলেন। শিবপুরের কাছাকাছি পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা একটি শ্যালোইঞ্জিন চালিত ট্রলির সাথে ধাক্কা লাগে। ওই ধাক্কায় মোটর সাইকেল চালক সুজন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার বন্ধু সাঈদ আহত হন। স্থানীয় লোকজন সাঈদকে উদ্ধার করে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসা দেয়ার জন্য সেখান থেকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
