×

দালাল রোধে টঙ্গী সরকারি হাসপাতালে সিসি ক্যামেরা স্থাপন

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : গাজীপুরের টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চুরি ও দালাল রোধে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। এতে রোগীরা অনেকটা রেহাই পাবেন দালালের ছোবল থেকে। হাসপাতাল কর্তৃপক্ষ যে কোনো স্থান থেকেই তা দেখতে পারবেন।

জরুরি বিভাগে কোনো রোগী আসলেই দালাল কর্তৃক ভাগিয়ে নেয়া, অজ্ঞাত ব্যক্তির লাশ হাসপাতালে ফেলে যাওয়া, রোগীর কাছ থেকে কোনো টাকা নেয়া এসব রোধে জরুরি বিভাগসহ বিভিন্ন স্থানে ১০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে আরো বেশ কিছু ক্যামেরা লাগানো হবে।
হাসপাতালে আসা এক রোগী আলাল হোসেন বলেন, এখানে কোন রোগী আসলে দালালের টানাটানিতে অতিষ্ঠ হয়ে পড়ে। চিকিৎসা নিতে আসলে দালালের কারণে কেউ শতভাগ সেবা পাচ্ছে না।

এ বিষয়ে জরুরি বিভাগের চিকিৎসক ডা: মো: মাসুদ রানা এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, হাসপাতালে বিভিন্ন সময় চুরি এবং দালাল রোধে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, এছাড়া অনেক সময় বিভিন্ন এলাকার অজ্ঞাত লাশ কে বা কারা হাসপাতালে ফেলে রেখে যায়, এতে শনাক্ত করতে সমস্যার সৃষ্টি হয়।

এ ব্যাপারের হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানে চেষ্টা চলছে, আশা করি পর্যায়ক্রমে সব কিছুর সমাধান হবে।