নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সালেক মোল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম।
রোববার দিবাগত রাত ১২ টায় কাউন্সিলর সালেক মোল্লাহ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তার বয়স হয়েছিল সত্তর (৭০) বছর। তিনি দুই মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন।
ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম সোমবার (১৩ মার্চ ২০২৩) রাতে এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, নিকটাত্মীয়, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন।
ডিএনসিসি মেয়র শোকবার্তায় বলেন, ‘তিনি অত্যন্ত জনপ্রিয় একজন জনপ্রতিনিধি ছিলেন। তিনি একজন সদাবিনয়ী ও সদালাপী মানুষ ছিলেন। সিটি কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে সবসময় মানুষের সেবায় অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন। তিনি কাউন্সিলর হিসেবে তাঁর ওয়ার্ডের অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ এলাকার সার্বিক উন্নয়নে বেশ সোচ্চার ছিলেন।’
ডিএনসিসি মেয়র শোকবার্তায় আরও বলেন, ‘সালেক মোল্লাহ একজন সফল কাউন্সিলর হিসেবে সবসময় জনগণের সাথে সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা ডিএনসিসি পরিবারের একজন সদস্যকে হারালাম। ১৫ নং ওয়ার্ডবাসী একজন সত্যিকারের সেবককে হারালো। এ শূন্যস্থান সহজে পূরণ হবার নয়।’
