×

টঙ্গীতে হেলে পড়েছে দোতলা ভবন

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : গাজীপুরের টঙ্গী এরশাদনগর এলাকায় প্লান বহির্ভূতভাবে গড়ে তোলা একটি দোতলা ভবন হেলে পড়েছে। যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। গত শুক্রবার রাত ১ টার দিকে এরশাদনগর ৮ নং ব্লকে এ ঘটনা ঘটে। এতে আশপাশের বাসিন্দারা চরম আতঙ্কে রয়েছেন। এ ঘটনায় ওইদিন রাতেই টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শণ করেন।

এলাকাবাসী জানায়, টঙ্গীর এরশাদনগর এলাকায় একটি দোতলা ভবনের পাশ দিয়ে ড্রেন নির্মাণ কাজ করা হচ্ছিলো। ড্রেনের মাটি খননকালে ওই ভবনের নিচ থেকে মাটি সরে যায়। পরিকল্পিতভাবে ভবনটি নির্মাণ না হওয়ায় ভবনটির একপাশ হেলে পড়েছে। খবর পেয়ে ঘটনারদিন রাতেই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। ওই ভবনটি যে কোনো সময় ধসে পড়ার আশংকায় মালিককে ভবনটি ভেঙে ফেলার পরামর্শ দেয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, টঙ্গীসহ আশপাশ এলাকায় সিটি কর্পোরেশনের অনুমোদন কিংবা প্লান বর্হিভূতভাবে ভবন নির্মানের হিড়িক পড়েছে। এসব স্থাপনা যে কোন মহুর্তে ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ব্যাপক প্রাণহানি ঘটতে পারে বলেও মন্তব্য করেন এলাকাবাসী।

এব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান এর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, ভবনের মালিক বদরুল ও বাবুকে ভবনটি সরিয়ে ফেলার নির্দেশনা দেয়া হয়েছে।