নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : গাজীপুরের টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকায় মঙ্গলবার দুপুরে এলোপাথারী ছুরিকাঘাত করে জাকির হোসেন (৬৫) নামে ডিবি পুলিশের এক সোর্সকে খুন করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ জানায়, জাকির বরিশাল বরগুনা জেলার সদর থানার পাগরকাছিয়া গ্রামের মৃত আব্দুল আলী রমিজের ছেলে। সে পূবাইলের হারবাইদ গ্রামে বসবাস করে ঢাকা-গাজীপুরে ডিবি পুলিশ ও র্যাবের সোর্স হিসেবে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছিল। বিবাহিত জীবনে প্রথম স্ত্রী নূর-জাহানের ঘরে ১ ছেলে ও ১ মেয়েসহ দ্বিতীয় স্ত্রী লাইলীর ঘরে ১১ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
গতকাল দুপুর ১ টায় সে টঙ্গীর মরকুন পশ্চিম পাড়ায় গেলে কতিপয় দূর্বৃত্তরা তাকে ধরে দুই পায়ের উরুতে এবং শরীরের একাধিক স্থানে এলোপাথারী ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরতর আহত অবস্থায় ফেলে যায়। পরে টঙ্গী জিআরপি বস্তির লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
এবিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সততা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
