নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : ‘দাও দড়িঁ দেই ফাঁস, নয়তো দাও অটো পাশ; সেশনজট নিয়ে এসএসসি নয়, ফেব্রুয়ারির মধ্যে অটোপাশের সিদ্ধান্ত চাই’-এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের টঙ্গীতে অটো পাশের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুরে কলেজ গেইট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মানববন্ধনে টঙ্গীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীরা এ দাবি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়কের পাশ থেকে সরিয়ে দেয়।
মানববন্ধনে বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, শিক্ষামন্ত্রী ২০২১ সালের জুন মাসে এসএসসি পরীক্ষা নেয়ার কথা জানিয়েছেন। করোনা ভাইরাসের কারণে বিভিন্ন দেশের বর্তমান পরিস্থিতি খারাপ। বাংলাদেশেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রয়েছে। পরীক্ষা দেয়ার আগে কেউ যদি করোনায় আক্রান্ত হয়, তাহলে ওই শিক্ষার্থী আর পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। করোনা পজিটিভ হলে কোয়ারেন্টিনে থাকতে হবে। করোনা ভাইরাসের কারণে একটি বছর পিছিয়ে পড়তে পারি। জুন মাসে পরীক্ষা শুরু হলে এক মাস সময় লাগবে শেষ করতে। জুলাই ও আগস্ট মাস চলে যাবে ফলাফল পেতে। সেপ্টেম্বর ও অক্টোবর মাস চলে যাবে কলেজে ভর্তি হতে। এর ফলে প্রায় এক বছর সেশনজটে পরবো আমরা। আমরা এই সেশনজট চাচ্ছি না।
পিএসসি এবং জেএসসি’র ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন করে অটোপাশের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন মানববন্ধনকারীরা।
