নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে শ্রীপুর উপজেলার কেওয়া গ্রামের লন্ডন প্রবাসি সামসুদ্দিন খান রঞ্জু’র মা সামসুন্নাহার বেগম ওরফে রেনু গত ১৬ দিন যাবৎ নিখোঁজ। শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়রী করা হলেও পুলিশ কোন খোঁজ নেয়নি। পরিবারের সন্দেহ নিখোঁজের ঘটনা পরিকল্পিত ।
সামসুন্নাহারের মেয়ে রোকসানা আক্তার জানান, তার মা এখানে একাই বসবাস করেন। ১৭ তারিখ বিকাল থেকে তার মাকে খোঁজে পাওয়া যাচ্ছে না। ভাড়াটের কাছ থেকে খবর পেয়ে তিনি মোলভীবাজার থেকে আসেন। বাড়ির সদর দরজায় বাহির থেকে তালা ঝুলানো ছিলো। তালা ভেঙে তিনি ভিতরে প্রবেশ করেন। ঘরের বাহির থেকে তালা দেয়া থাকলেও নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে।
রোকসানার ভাষ্যমতে, তার মা’য়ের কাছে স্বর্ণালংকার ছাড়াও সবসময় নগদ টাকা থাকতো। তার নিজের স্বর্ণালংকারও মা’য়ের কাছে রাখা ছিলো। একটি স্টিলের ড্রামে তালা লাগিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার রাখা হতো। সেই ড্রামের মুখ ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করা হয়েছে। চোর চিনে ফেলায় তার মাকে গুম করা হয়েছে এমন সন্দেহ করছেন বলে তিনি জানান।
তিনি আরও জানান, তার ভাই পরিবারসহ লন্ডন প্রবাসী। তারাও মায়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন। মা নিখোঁজের খবরে প্রবাসী ভাই মুশরে পরেছেন। গত ২১ জানুয়ারী শ্রীপুর থানায় তিনি একটি সাধারণ ডায়রী করেন। যার নম্বর ৯৬৪। আত্মীয়স্বজন মিলে তারা অনেক খোঁজাখুজি করেছেন। এলাকায় লিফলেট লাগিয়েছেন। পুলিশ শুধুমাত্র একদিন বাড়ি পরিদর্শন করেছেন পরে কোন খোঁজ নেয়নি।
ভাড়াটে খোকন মিয়া এবং প্রতিবেশী নুসরাত জানান, ১৭ তারিখ দুপুরে তাদের সাথে কথা হয়েছে। বিকেল থেকেই লাপাত্তা। বৃদ্ধা সহজ সরল এবং ভাল মানুষ। কারো সাথে কোন প্রকার বিরোধ ছিলনা।
এ ব্যাপারে জানতে ২ ফেব্রুয়ারী বেলা ৩ টায় শ্রীপুর থানায় গেলে প্রধান ফটকে কর্তব্যরত পুলিশ সদস্য জানান ওসি বাসায় আছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে অফিসার ইনচার্জ খন্দকার ইমাম হোসেন বলেন, বৃদ্ধা নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়রী হবার বিষয়ে তিনি কিছু জানেন না। বক্তব্য নিতে হলে ৫ টার পর যেতে বলেন।
