রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর সদর উপজেলার এসিল্যান্ডের ড্রাইভার এক ট্রাক ড্রাইভারকে মারধর করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেছেন জেলা ট্রাক ট্রাংকলড়ি কাভার্ডভ্যান, মিনি ট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়ন।
এই ঘটনার প্রতিবাদে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘন্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ ট্রাক শ্রমিকরা। এতে এ মহাসড়কে যানবহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। দুর্ভেগে পড়ে পথচারীরা।
শহরের পৌর বাস টার্মিনালের সামনে শুক্রবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ ট্রাক ড্রাইভাররা। এ সময় এসিল্যান্ডের ড্রাইভার বাবুর শাস্তির দাবিতে তারা নানা শ্লোগান দেন।
জেলা ট্রাক ট্রাংকলড়ি কাভার্ডভ্যন,মিনি ট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক ফিজুর আকন্দ জানান, সদর উপজেলার এসিল্যান্ড তাহমিনা আক্তারের নেতৃত্বে বালু মহালের উদ্দেশ্যে একটি ভ্রাম্যমাণ আদালতের টিম যাচ্ছিলেন। পথে শহরের ছনকান্দা বন বিভাগ অফিসের সামনে বালু ভর্তি ৪টি ট্রাককে থামতে সিগন্যাল দেওয়া হয়। ট্রাক থামলে ড্রাইভার বাবু ট্রাক ড্রাইভারদের হুমকি-ধমকি দিয়ে মানিব্যাগ কেড়ে নেন। পরে ফিরিয়ে দেন খালি মানিব্যাগ। এই নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে তহু মিয়া নামে এক ট্রাক ড্রাইভারকে মারধর করা হয় এবং অপর ৩ ড্রাইভার আরজু, পাপ্পু ও রাজিবকে হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে তোলা হয়।
এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠেন ট্রাক ড্রাইভাররা। বিচারের দাবিতে বিকেল সাড়ে তিনটায় তারা পৌর বাস টার্মিনালের সামনে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে সাড়ে ৫টায় ঘটনাস্থলে উপস্থিত হন সদর উপজেলা নির্বাহি অফিসার লিটুস লরেন্স চিরান ও সদর থানার ওসি রেজাউল ইসলাম খান। তারা ড্রাইভার বাবুর শাস্তিমূলক ব্যবস্থার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন ট্রাক ড্রাইভাররা।
এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আক্তার বলেন, আমি ড্রাইভার বাবুকে জিজ্ঞাসা করেছিলাম, সে টাকা পয়সা নেয়নি বলে জানিয়েছে। তবে ট্রাক ড্রাইভারদের সাথে খারাপ আচরণ ও অপ্রীতিকর ঘটনায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
