×

এসপি প্রত্যাহারে মৌন মিছিল বিক্ষোভ, কাল ডিসি অফিস ঘেরাও

জামালপুর প্রতিনিধি: জামালপুরে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে প্রত্যাহারের দাবিতে মৌন মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা। সেই সঙ্গে কাল ডিসি অফিস (জেলা প্রশাসক কার্যালয়) ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছে।

টানা আন্দোলনের অষ্টম দিন শনিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলার সাংবাদিকদের সব সংগঠনের অংশগ্রহণে শহরের বকুলতা থেকে এই মৌন মিছিল বের হয়। মিছিলটি ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হলে বিক্ষোভ সমাবেশ করেন সাংবাদিকরা।

বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাংবাদিকদের এক দফা এক দাবি। এসপি নাছির উদ্দীন আহমেদকে দ্রুত প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে চলমান এইচএসসি পরীক্ষা ও করোনার নতুন সংক্রমণের কথা বিবেচনায় রেখে অনুমোদন বিহীন পুনাক মেলা বন্ধেরও দাবি জানান নেতারা।

প্রসঙ্গত, শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে পুনাক মেলা সম্পর্কে অবহিত করতে সাংবাদিকদের মেলা প্রাঙ্গণে ডাকেন ওই পুলিশ সুপার। তার ডাকে সাড়া দিতে না পারায় পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ সাংবাদিকদের ধরে পিটিয়ে চামড়া তুলে নেওয়াসহ ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর হুমকি দেন। এর প্রতিবিাদে আন্দোলনে নামেন জেলার কর্মরত সাংবাদিকরা।