আর্ন্তজাতিক ডেস্ক : পবিত্র রমজান শুরু হচ্ছে মঙ্গলবার মুসলিম বিশ্বের পবিত্র সিয়াম সাধনা ও একই দিন শুরু হবে। সৌদি আরবে রোববার রমজানের চাঁদ দেখা যায়নি।
খালিজ টাইমসের এক খবরে বলা হয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি রোববার সন্ধ্যায় দেশটির কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে।
মুসলিম বিশ্ব সাধারণত চন্দ্র পঞ্জিকা অনুসরণ করেন এবং ঐতিহ্যবাহী চাঁদ দেখা পদ্ধতি ব্যবহার করেন। এতে কোনো কোনো দেশ এক কিংবা দুদিন পরও রোজা রাখা শুরু করে।
চলতি বছরে উত্তর গোলার্ধের মুসলমানদের গ্রীষ্মের দীর্ঘদিনগুলোতে রোজা রাখতে হবে। ইসলামের পাঁচ স্তম্ভের একটি হচ্ছে রোজা। এ সময় মুসলমানরা এবাদতের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজেও অংশ নেন।
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও মঙ্গলবার থেকে রোজা শুরু হবে।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই।
