×

টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গার্মেন্ট কারখানার গাড়ি চালক খুন

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : গাজীপুরের টঙ্গী পিপলস সিরামিক কারখানা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম (৩৬) নামে এক প্রাইভেটকার চালক খুন হয়েছেন।

জাহিদুল নেত্রকোনা জেলার বারহাট্টা থানার নামাপাড়া গ্রামের মৃত-হযরত আলীর ছেলে। তিনি স্থানীয় মালেকের বাড়ি এলাকার এ্যামাজিন ফ্যাশনস লি. কারখানার গাড়ি চালক হিসেবে চাকরি করতেন।

ঘটনাটি ঘটেছে গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পিপলস সিরামিক কারখানার সামনে। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেন।


পুলিশ জানায়, সোমবার রাতে জাহিদুল এ্যামাজিন ফ্যাশনস লি. কারখানার জেনারেল ম্যানেজারকে তার বারিধারা ডিওএইচএস এর বাসায় নামিয়ে দিয়ে প্রাইভেটকার নিয়ে গাজীপুরের মালেকের বাড়ির দিকে ফিরছিলেন। রাত সাড়ে ১১টার দিকে তিনি পিপলস সিরামিকের সামনে গাড়ি থামিয়ে প্রশ্রাব করতে নামেন। এসময় একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে এলোপাথারি ছুরিকাঘাত করে চলে যায়। তবে তার পকেটে থাকা টাচ মোবাইল ও নগদ ৪ হাজার ২শত টাকা দুর্বৃত্তরা নেয়নি। এসময় মহাসড়কে চলাচলরত এক অটোচালক তাকে উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।


এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে এটি পরিকল্পিত হত্যা নাকি ছিনতাইয়ের ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।