×

গাজীপুরে কিশোর গ্যাং প্রতিপক্ষে সংর্ঘষ, শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় কিশোর গ্যাং প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাকিল মিয়া(১৭) নামের একজন শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে প্রতিপক্ষ কিশোর গ্যাং সদস্য মোঃ হাবিবুল্লাহ (২৫)কে আটক করেছে পুলিশ।

নিহত শাকিল ময়মনসিংহের গৌরীপুর থানার ধীপপুর গ্রামের মোঃ রেজাউল করিমের ছেলে। সে পরিবারের সঙ্গে গাজীপুর সিটির গাছা থানাধীন কুনিয়াপাছর এলাকার রুবেল মোল্লার বাসায় ভাড়া থাকে। সে স্থানীয় প্রতিভা স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র ছিল। এসময় ফাহিম (১২) নামের একজন আহত হয়। সে কুনিয়াপাছর এলাকার ফারুক হোসেনের ছেলে এবং প্রত্যাশা কিন্ডার গার্ডেনের সপ্তম শ্রেণীর ছাত্র।

গাছা থানার উপপরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৭টার দিকে স্থানীয় তালেব মার্কেটের সামনে সোনাপাড়া এলাকার ২০/২১ জন কিশোর ও যুবক অবস্থান নেয়। এসময় সেখানে প্রতিপক্ষের শাকিল মিয়া (১৭) ও মোঃ ফাহিমের (১২) সঙ্গে তাদের কথাকাটি হয়। এর জের ধরে দু’পক্ষের মাঝে সংঘর্ষ হয়। একপর্যায়ে প্রতিপক্ষরা শাকিল ও মোঃ ফাহিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এলাকাবাসী গুরুতর আহত শাকিল ও ফাহিমকে স্থানীয় তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে শাকিলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত ফাহিমকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাইফুল আরও জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ওই এলাকা থেকেই হাবিবুল্লাহকে আটক করা হয়েছে। আহত ফাহিমের অভিযোগের ভিত্তিতে প্রতিপক্ষের কিশোর গ্যাং সদস্য হাবিবুল্লাহকে আটক করা হয়েছে।

জিএমপির গাছা থানার ওসি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কিশোর গ্যাংয়ের দুপক্ষের মাঝে গত কয়েকদিন ধরে বিরোধ চলে আসছিল। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। সংঘর্ষকারীরা কিশোর গ্যাংয়ের সদস্য। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।