×

কুমিল্লার ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, একটি চিহ্নিত মহল হীন রাজনৈতিক উদ্দেশ্যে কুমিল্লার ঘটনা ঘটিয়েছে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, কুমিল্লার ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটি মহল সবসময় গুজব রটনার কাজে লিপ্ত এবং তারা গুজব রটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশের সম্প্রীতি শান্তি বিনষ্ট করার অপকর্মে সবসময় লিপ্ত।

তিনি বলেন, যখন পদ্মা সেতুর পিলারের কাজ শুরু হলো তখন গুজব রটিয়ে দেয়া হলো যে, পদ্মা সেতুতে নরবলি দিতে হবে। আবার সেটির প্রেক্ষিতে ছেলেধরা গুজব ছড়িয়ে দেয়া হলো। অনেকগুলো নিরীহ মানুষ হত্যাকাণ্ডের শিকার হলো। যারা এই সরকারের আমলে পদ্মা সেতু হবে না বলেছিল ও পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্রের সাথে বিশ্ব ব্যাংককেও যুক্ত করেছিল এবং পরে বিশ্ব ব্যাংক লজ্জাকরভাবে আদালতে হেরে যাওয়ায় সমস্ত অভিযোগ অসত্য প্রমাণিত হয়েছিল, সেই একই মহল এই গুজব ছড়িয়েছে। সেই একই মহল আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য এই অপকর্ম করেছে।’

ড. হাছান বলেন, সারা দেশে এটির প্রেক্ষিতে গতকাল যে উত্তেজনা ছড়ানো হয়েছিল, পুলিশ এবং আইন-শৃঙ্খলা বাহিনী সেটি কঠোর হস্তে দমন করেছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আমি জনগণকে অনুরোধ জানাবো, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানো হয়, গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। আর যারা গুজব ছড়ানোর চিন্তা করছেন বা করেছেন সবাইকে চিহ্নিত করা হবে এবং সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আমরা বদ্ধপরিকর।

মন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। হিন্দু সম্প্রদায়ের সবাইকে অনুরোধ জানাবো আপনারা নির্বিঘ্নে নির্ভয়ে পূজা উৎসব পালন করুন, সরকার, জনগণ আপনাদের পাশে আছে। দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আমরা বদ্ধপরিকর।