×

ছবি পোস্ট করে ট্রোলড রবি শাস্ত্রী

নিজস্ব প্রতিবেদকঢাকা :  শুভমন গিলের সঙ্গে কথা বলার ছবি পোস্ট করেছেন ভারত ক্রিকেট দলের ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী। আজ রবিবার সকালে এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে সাড়া পড়ে যায় নেটদুনিয়ায়। আর তাদের একাংশের আক্রমণের মুখোমুখি হয়েছেন রবি।

ছবিতে দেখা গিয়েছে শাস্ত্রীর বক্তব্য মন দিয়ে শুনছেন গিল। দু’জনেই বসে রয়েছেন চেয়ারে। বোঝা যাচ্ছে, অনুশীলনের ফাঁকেই চলছে ওই কথোপকথন। শাস্ত্রী ছবি পোস্ট করে লিখেছেন, ‘মহান খেলা নিয়ে ভাল আলোচনার কোনও তুলনা হয় না’।

এই সহজ সরল পোস্টকেও তোয়াক্কা করেননি নেটাগরিকদের একাংশ। একজন লিখেছেন, ‘প্লিজ, ওকে কোনও ব্যাটিং টিপস দেবেন না। ওর কেরিয়ার শেষ হয়ে যাবে’।

একজন লিখেছেন, ‘কে যেন আইপিএল সফলভাবে আয়োজনের জন্য বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশংসা করতে ভুলে গিয়েছিল?’ তাকে ‘জঘন্য কোচ’ হিসেবেও চিহ্নিত করা হয়েছে।

একজন মজা করে লিখেছেন, ‘গিল: আমায় কেমন স্ট্রাইক রেট বজায় রাখতে হবে? রবি: কেরিয়ারের শুরুতে প্রতি ঘন্টায় একটা বিয়ার হলেই চলবে’।

আর একজন লিখেছেন, ‘রবি: টিমে থাকার জন্য ম্যানেজ করতে হবে। আমি ভারতের টেস্ট দলে ছিলাম বম্বে লবি ও গাওস্করের জন্য। এখন যেমন আমি বিরাটকে কোনও প্রশ্ন করি না। আর তাই আমি কোচ’।