×

শেষ ইচ্ছার কথা শেয়ার করলেন স্বস্তিকা!

বিনোদন ডেস্ক : ‘পাতাল লোক’-এর সেরা সহ-অভিনেতার নমিনেশন পেয়েছেন টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। পাশাপাশি নতুন বাংলা ওয়েব সিরিজের শ্যুটিং শুরু করেছেন। তারপরেও কেন নিজের মৃত্যু এবং শেষ ইচ্ছে নিয়ে মুখ খুললেন স্বস্তিকা মুখোপাধ্যায়?

অভিনেত্রীর সাম্প্রতিক টুইট ফের ধাঁধাঁয় ফেলেছে সবাইকে। কয়েক দিন আগে স্বস্তিকা একটি টুইটে জানিয়েছিলেন, নতুন বাংলা ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। গত সোমবারই ওই ঘোষণা দেন অভিনেত্রী। ‘হইচই’ ওটিটি প্ল্যাটফর্মে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ‘মোহমায়া’ সিরিজে থাকছেন তিনি। নতুন সিরিজে আরও এক নারী-কাহিনী এবং আবারও সেই চরিত্রে তিনি।

দু’টো ছবিও শেয়ার করেছেন স্বস্তিকা। একটি ছবিতে আল্পনায় লেখা ‘মোহমায়া’। আর একটিতে রুপোর ভারী চুটকি পরা আলতায় রাঙা তার পা।

তারপরেই বিস্ফোরক টুইট, ‘আর কিছু হোক না হোক, আমি মরে গেলে তোমরা জমিয়ে আমার রেট্রোস্পেকটিভটা করে দিও..!’

ক্যাপশনের এই লেখা দেখেই আক্কেলগুড়ুম সকলের। এ কী লিখছেন স্বস্তিকা? অভিনেত্রী এরপরেই ‘হইচই’-এর কর্ণধার মহেন্দ্র সোনিকে ট্যাগ করে লিখেছেন, ‘ভ্যারাইটি গ্যালারি। অন্য কারওর এতটা হবে না মনে হয়।’

ছোট পর্দা থেকে যাত্রা শুরু করে বড় পর্দা হয়ে ওয়েব সিরিজেও নিজের দক্ষতাতেই জনপ্রিয় স্বস্তিকা। নানা স্বাদের চরিত্র করেছেন। নিজেকে ভাঙতেও ভয় পাননি। তেমনই চরিত্র অনুযায়ী তার লুকস, নানা ধারার ছবি। হয়তো মজা করে টুইটে সে কথাই বলতে চেয়েছেন।

যতই অভিনয়ে ব্যস্ত থাকুন, মা-বাবার চলে যাওয়া কিন্তু স্বস্তিকাকে কুরে কুরে খায়। গত সোমবার আরও একটি টুইট শেয়ার করেছেন তিনি। সেখানে যে সব আপনজন তাকে ছেড়ে চলে গিয়েছেন তাদের নামের তালিকা দিয়েছেন। আর বলেছেন, মা-বাবা ছাড়া আরও যারা তাকে ছেড়ে চলে গিয়েছেন, তাদের ফোন নাম্বার আজও মুছতে পারেননি মুঠোফোন থেকে। রিং করলে যদিও শুনতে পান, এই নাম্বারের কোনও অস্তিত্ব নেই।