বিনোদন ডেস্ক : অভিনয় জগতে পা রাখার অল্পদিনের মধ্যেই ক্রিস্টোফার নোলানের নামের পাশে জুড়ে গিয়েছিল অস্কার মনোনীত অভিনেত্রীর তকমা। কিন্তু গ্ল্যামার দুনিয়ার চাকচিক্যের মধ্যেও নিজের পরিচয় হাতড়ে বেড়াচ্ছিলেন তিনি। জীবনের তিরিশটা বছর কাটিয়ে এবার তার সন্ধান পেলেন এলেন পেজ। সর্বসমক্ষে জানিয়ে দিলেন তিনি রূপান্তরকামী। এখন থেকে পুরুষ হিসেবে তাকে সম্বোধন করতে হবে। নিজের নামও পাল্টে এলেন থেকে এলিয়ট করে ফেলেছেন তিনি।
গতকাল মঙ্গলবার নিজের টুইটার হ্যান্ডলের নাম পাল্টে এলিয়ট করে ফেলেন এই তারকা। তারপর একটি বিবৃতি প্রকাশ করে জানান, “সকলকে জানাতে চাই, আমি একজন রূপান্তরকামী। আমার নাম এলিয়ট। সর্বনাম পদ হিসেবে ‘পুরুষ’ লিখতে পারছি, সেজন্য নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে’।
সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন পরিচয় ঘোষণার সঙ্গে সঙ্গেই শুভেচ্ছাবার্তায় ভেসে যান এলিয়ট। এলেন ডিজেনারেস, হিউ জ্যাকমান, অ্যানা কেন্ড্রিকে, প্যাট্রিসিয়া আর্কোয়েটের মতো তারকারা তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান। নেটফ্লিক্সের ‘দ্য আমব্রেলা অ্যাকাডেমি’-তে অভিনয় করেছেন এলিট। তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নেটফ্লিক্সও। এ ছাড়াও লিঙ্গবৈষম্য নিয়ে সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনও তাকে শুভেচ্ছা জানিয়েছে।
