×

ম্যারাডোনার প্রয়াণে বলিউডে শোকের ছায়া

বিনোদন ডেস্ক :  বিশ্ববাসীকে বিদায় জানিয়েছেন ফুটবলের রাজপুত্র দিয়েগো ম্যারাডোনা। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তিনি। তার প্রয়াণে শোকস্তব্ধ পুরো পৃথিবী। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডেও। দিয়েগো’র জীবনাবসানে শাহরুখ খান থেকে শুরু করে রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া, কারিশমা কাপুরসহ অন্যান্য সেলেব্রিটিরা শোকপ্রকাশ করেছেন।

কারিশমা কাপুর তার সঙ্গে ম্যারাডোনার দু’টি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনার সঙ্গে আমার গর্বের সাক্ষাত্‍‌।’ একটি ছবিতে করিশ্মার হাতে চুম্বন দিতে দেখা যাচ্ছে ম্যারাডোনাকে।

কারিনা কাপুরও ম্যারাডোনাকে স্মরণ করেছেন। কিংবদন্তী ফুটবলারের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘Rest in power’।

বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া দিয়েগো’র ছবি শেয়ার করে লিখেছেন, ‘RIP দিয়েগো মারাদোনা। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। একজন প্রকৃত কিংবদন্তী’।

ফুটবলের বিশ্বকাপ জয়ের পর কাপে ম্যারাডোনার চুম্বনের ছবিটি পোস্ট করেছেন অর্জুন কাপুর। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘RIP legend #DiegoMaradona.’

খেলাধূলার প্রতি বিশেষ অনুরক্ত শাহরুখ খান মারাদোনার প্রয়াণে কলম ধরেছেন। ফুটবলের কিংবদন্তীর একটি ছবি ইনট্রাগ্রামে শেয়ার করে তিনি লিখেছেন, ‘দিয়েগো ম্যারাডোনা…তুমি ফুটবলকে আরও সুন্দর বানিয়েছো। তোমাকে সবাই খুব মিস করবো। এই পৃথিবীকে তুমি যে ভাবে আনন্দ দিয়েছো, হয়তো স্বর্গে গিয়েও সেই কাজ করবে।’