×

টঙ্গীতে উদয়ন টাওয়ারের পাইলিং কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : গাজীপুরের টঙ্গী মোক্তারবাড়ি এলাকায় উদয়ন টাওয়ারের পাইলিং কাজের উদ্বোধন আজ (শুক্রবার) সকালে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আবুল হোসেন, সৈকত পাঠান, শেখ নুরুজ্জামান শাহিদ। এতে আরও উপস্থিত ছিলেন উদয়ন টাওয়ারের পরিচালক মো. আবুল হোসেন, আলাউদ্দিন মাহমুদ, মো. সোহেল আরমান, আব্দুল আলীম, মো. আলমগীর হোসেন প্রমুখ। এসময় উদয়ন টাওয়ারের ফ্ল্যাটের মালিকগণসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আমরা আশা করবো উদয়ন টাওয়ার কর্তৃপক্ষ ফ্ল্যাট ক্রেতাদের সর্বোচ্চ সুযোগ-সুবিধার কথা মাথায় রেখে ভবন নির্মাণ করবেন। যাতে ফ্ল্যাটের ক্রেতাদের পরবর্তী প্রজন্মের কোন সমস্যার মুখোমুখি হতে না হয়। বক্তারা উদয়ন টাওয়ার কর্তৃপক্ষের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। উদ্বোধন শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন আল-মদিনা মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা জাহাঙ্গীর আলম।

উদয়ন টাওয়ারের পরিচালক মো. সোহেল আরমান বলেন, ফ্ল্যাট মালিকদের সকল প্রকার সুযোগ সুবিধা প্রদানে আমরা বদ্ধপরিকর। এটি আমাদের প্রজেক্টের প্রথম কাজ। পাশ্ব্র্ইে আরও একটি প্রজেক্ট রয়েছে আমাদের। আগামী কয়েক মাসের মধ্যেই দ্বিতীয় প্রজেক্টের কাজ হাতে নেব, ইনশাআল্লাহ।

রাজশাহীতে জামায়াত ও শিবিরের কর্মীসহ ৩ জন আটক  

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কার্যক্রম সংঘটনের প্ররোচনা ও ষড়যন্ত্র করাকালে জামায়াত ও শিবিরের কর্মীসহ ৩জনকে আটক করেছে আরএমপি এর বোয়ালিয়া মডেল থানা পুলিশ। জামায়াতের রাসিক ১৬নং ওয়ার্ড ইউনিটের জামায়াতের রোকন ও শিবির কর্মীসহ ৩ জনকে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এসময় আসামীদের কাছ থেকে জুম মিটিং এর সরঞ্জামাদি, বিপুল পরিমান জিহাদী বই, ব্যানার, ক্যাশ রেজিস্টার, দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার হয়।

জনগনের জানমালের নিরাপাত্তার দেয়ার সার্থে পুলিশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। একটি গোপন সংবাদের মাধ্যমে গতকাল ১১ সেপ্টেম্বর (১০ সেপ্টেম্বর ২০২১ দিবাগত) রাত্রী ৪.১৫ টায় বোয়ালিয়া মডেল থানাধীন কয়েরদাড়া গ্রামের রবিউল ইসলামের বাড়ীতে অভিযান পরিচলনা করা হয়। ওই সময় সন্ত্রাসী কার্যক্রম সংঘটনের প্ররোচনা, ষড়যন্ত্র ও জুম মিটিং করাকালে আসামী কয়েরদাড়া বিলপাড়া গ্রামের মৃত লালু শেখের ছেলে জামায়াতের রাসিক ১৬নং ওয়ার্ড ইউনিটের রোকন মোঃ রবিউল শেখ (৪০), দরগাপাড়ার মৃত আঃ রশিদের ছেলে মোঃ পারভেজ (২২) ও মতিহার থানার নতুন বুথপাড়া গ্রামের মোঃ সিরাজের ছেলে মোঃ হাবিব (২৭) কে আটক করে। তবে পুলিশের উপস্তিতি টের পেয়ে প্রায় ১০ থেকে ১২ জন পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে ট্যাব, জামায়াত ও ছাত্রশিবিরের কার্যক্রমের বিভিন্ন রেকর্ডপত্র, জিহাদি বই, ব্যানার, ক্যাশ রেজিস্টার ও দেশীয় অস্ত্রশস্ত্র সহ অন্যান্য মালামাল উদ্ধার হয়।

বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নিবারন চন্দ্র বর্মন বলেন, তিনিসহ এসআই মোঃ শাহিন আকতার, এসআই ইফতেখার মোহাম্মদ আল আমিন ও তার টিম এই অভিযানটি পরিচালনা করেন।  আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

টঙ্গীতে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ ॥ স্বামীসহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী :  গাজীপুরের টঙ্গী বড় দেওড়া ছয়তলা এলাকায় স্বামীর হাতে শাবনুর আক্তার (২৪) নামে এক গৃহবধু খুনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার ভোররাতে মৃত রেজাউল কবিরের ছেলে রেজওয়ান কবির মনিরের বাড়িতে। এঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামী আব্দুস সাত্তার (৩০) ও তার মামাতো ভাই দুলালকে (২৮) আটক করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

নিহত শাবনুর নওগাঁ জেলা সদরের চারিপাড়া গ্রামের জরিফ উদ্দিনের মেয়ে।

এলাকাবাসী জানায়, টঙ্গী বেপারিবাড়ি এলাকার এআরএস ওয়াশিং কারখানার শ্রমিক আব্দুস সাত্তারের দ্বিতীয় স্ত্রী শাবনুর। গত ৩ সেপ্টেম্বর ছয়তলা এলাকার রেজওয়ান কবিরদের একটি বিল্ডিংয়ে সাবলেট হিসেবে ভাড়া বাসায় বসবাস শুরু করেন তিনি। ওই বাড়িতেই অপর একটি বিল্ডিংয়ের ৫তলায় মেস বাসায় থাকেন তার স্বামী আব্দুস সাত্তার এবং সাত্তারের মামাতো ভাই দুলাল। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দুলাল শাবনুরকে বাসা থেকে ডেকে নিয়ে গেলে সে আর বাসায় ফেরেনি। একপর্যায়ে গতকাল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে শাবনুরের নিথর দেহ ওই বাসার পেছনের পরিত্যাক্ত জায়গায় পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন টঙ্গী পশ্চিম থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার এবং নিহতের স্বামী আব্দুস সাত্তার ও দুলালকে আটক করে থানায় নিয়ে যায়।

বাড়ির ভাড়াটিয়ারা অভিযোগ করে জানান, একই মালিকের সাতটি বহুতল ভবন থাকা সত্ত্বেও এখানে পর্যাপ্ত নিরাপত্তা ও সিসি ক্যামেরার ব্যবস্থা নেই। তাই মদখোর, মাদক ব্যবসায়ীসহ অনেকের অবাধ বিচরণ রয়েছে এবাড়িতে। এখানে কে কি করছে তার কোন হদিস পাওয়া মুশকিল।
এব্যাপারে বাড়ির মালিক রেজাউল কবিরের ছেলে রেজওয়ান কবির মনির বলেন, আমরা সপরিবারে উত্তরায় থাকি। বাড়ির নিরাপত্তার দায়িত্বে ৩জন গার্ড রয়েছে। বাড়িতে সিসি ক্যামেরার ব্যবস্থা না থাকলেও আগামী দুই/তিন দিনের মধ্যে সিসি ক্যামেরার সংযোগ দেব।

এবিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামীসহ দুইজনকে আটক করা হয়েছে।

লক্ষ্মীপুরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ জন গ্রেফতার

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে হাজিরপাড়াতে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (১ সেপ্টেম্বর) সকালে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত মো. সোহেল (৩২) ও সোহেল হোসেন (৩৫) নামে দুই জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মো. সোহেল ওই এলাকার মৃত আবিদ মিয়ার পুত্র এবং সোহেল হোসেন একই এলাকার মৃত নুর ইসলামের পুত্র। ভিকটিম নারী (২৪) হাজিরপাড়া ইউনিয়নের উত্তর চন্দ্রপুর গ্রামের হাসমত আলী মাষ্টার বাড়ির মালয়েশিয়া প্রবাসী ওমর ফারুকের স্ত্রী।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে স্বামীর বাড়িতে চার বখাটের হাতে গণধর্ষণের শিকার হন তিনি। এদিন বিকেলে ভিকটিম বাদি হয়ে অভিযুক্ত চার জনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক জানান, গভীর রাতে চার বখাটে ওই গৃহবধূর স্বামীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় মামলা হলে বুধবার সকালে হাজিরপাড়ার উত্তর চন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। বাকীদের গ্রেফতারে চেষ্টা চলছে। জেলা সদর হাসপাতালে ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।

তিনি আরও জানান, অভিযুক্ত বখাটেরা ভিকটিম গৃহবধূর প্রতিবেশী। দীর্ঘদিন থেকে তারা গৃহবধূর ওপর কু-নজর রাখে। ঘটনার রাতে সে স্বামীর বাড়িতে একাই ছিলো। এ সুযোগে বখাটেরা বাড়ির ছাদের উপর দিয়ে ঘরে প্রবেশ করে গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

জয়পুরহাট সীমান্তে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক-১

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধীন সামীন্ত এলাকায় চলমান মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় ফেন্সিডিল ও শাড়ী উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

বিজিবিসুত্র জানায়, জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটোর দিক নির্দেশনায় সীমান্তের বাসুদেবপুর, হিলি সিপি, ঘাসুরিয়া, দাউদপুর ও হাটখোলা বিওপি ফাঁড়ির বিজিবি সদস্যরা মঙ্গলবার (২৫ শে জানুয়ারী সোমবার দিবাগত রাতে) সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৭১ বোতল ভারতীয় ফেন্সিডিল, বোতল ভারতীয় মদ, ১৮পিচ যৌন উত্তেজক ট্যাবলেটসহ ৫২পিচ শাড়ী উদ্ধার করে। এসময় মাদক চোরাকারী দলের সদস্য দিনাজপুরের হাকিমপুর উপজেলার চন্ডিপুর গ্রামের আলম হোসেনের পুত্র জিসান হোসেন(১৩) কে আটক করে। আটক আসামীকে মাদকদ্রব্য আইনে হাকিমপুর থানায় সোর্পদ করা হয়েছে।

এ ব্যাপারে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো জানান, অভিযানের সময় চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে অনুসন্ধানে ঘটনার সাথে জড়িতদের নাম ঠিকানা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।