বিনোদন ডেস্ক : একজনকে ভিডিও কল করে কথা শুরু করার আগেই ক্যামেরা বন্ধ হয়ে গেল বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের! অবশেষে একটা কল যখন গেল, কথা বলতে বলতে স্পিকারটাই অফ হয়ে গেল!
লকডাউনে এ রকমই একের পর এক ‘ডিজিটাল’ সমস্যায় পড়েছেন ক্যাটরিনা কাইফ। নিজেই সেই গল্প জানালেন ইনস্টাগ্রামে। গত বুধবার একটি ভিডিও শেয়ার করেছেন ক্যাট। দেখা যাচ্ছে সেখানে তিনি ‘নুব’কথাটির অর্থ গুগল করছেন। মুহূর্তের মধ্যেই স্ক্রিনে উত্তর, ‘কোনও একটি বিষয়ে, বিশেষ করে কম্পিউটার এবং ইন্টারনেটের ক্ষেত্রে যার জ্ঞান সীমিত’। এর পর নিজেই নিজেকে ‘নুব’ উপাধিতে ভূষিত করলেন বলিউডের প্রথম সারির এই নায়িকা। কেন তার উত্তর মিলল ভিডিওর পরবর্তী অংশে।
তারপর সেই ভিডিওতে একের পর এক সমস্যায় পড়তে দেখা গিয়েছে তাকে। কখনও নিজের জিম ট্রেনার, আবার কখনও আলিয়া ভাটের বোন শাহিন ভাটকে ফোন করেছেন ক্যাটরিনা। কিন্তু কথা বলার আগেই আর তার ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে! এখানেই শেষ নয়। ভুল করে নিজেই নিজের স্পিকার অফ করে ফেলছেন তিনি। আবার নেটওয়ার্কের জন্যও ভেস্তে যেতে দেখা গিয়েছে তার একাধিক মিটিং।
নিজের সব কাণ্ডকারখানা তো ফাঁস করেছেন। আবার অনুরাগীদের কাছেও প্রশ্ন রেখেছেন ক্যাটরিনা। জানতে চেয়েছেন কারা কারা এই বছর তার মতো ইন্টারনেটের সমস্যা নিয়ে ভুগেছেন।
ক্যাটরিনার এই ভিডিও মনে ধরেছে অনুরাগীদের। ইতিমধ্যেই ৭ লক্ষের কাছাকাছি ভিউ পেয়েছে ভিডিওটি। প্রিয়াঙ্কা চোপড়াও কমেন্ট করেছেন ক্যাটরিনার ওই পোস্টে।
