স্পোর্টস ডেস্ক : ইন্দিপেনদিয়েন্তের বিরুদ্ধে নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। দিনটি ছিল ১০ অক্টোবর, ১৯৯৩। জার্সি নাম্বার ছিল ১০। ফুটবল জীবন তখন প্রায় সায়াহ্নে। খেলেছিলেন পাঁচটি ম্যাচ। কোনও গোল পান নি। তারপরের বছরই সেই ক্লাবে যোগ দিয়েছিলেন তার উত্তরসূরি লিওনেল মেসি। তাকেও তুলে দেওয়া হয় সেই ১০ নম্বর জার্সি।
প্রয়াত কিংবদন্তী এবং তার প্রাক্তন গুরু দিয়েগো আর্মান্দো ম্যারাডোনাকে গোল করে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে সাতাশ বছর পর সেই স্মৃতি ফিরিয়ে আনলেন মেসি। পরনে ছোটবেলার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ দলের ১০ নম্বর জার্সি।
গতকাল রোববার ম্যাচের ৭৩ মিনিটে ওসাসুনার তিন ডিফেন্ডারকে পরাস্ত করে বক্সের উপর থেকে বাঁ পায়ের শটে গোল করেন মেসি। তারপরেই বার্সেলোনার জার্সির উপরেই পরে ফেলেন ছোটবেলার ক্লাবের সেই স্মৃতিবিজড়িত জার্সি। দুই হাত আকাশের দিকে তুলে তাকিয়ে থাকেন কিছু ক্ষণ।
বার্সা ম্যানেজার রোনাল্ড কোমান বলেছেন, ‘এটাই প্রত্যাশিত ছিল।’সতীর্থ ফিলিপে কুতিনহো বলেছেন, ‘ম্যারাডোনা শুধু আর্জেন্টিনা নয়, আমাদেরও গর্ব। বিশ্ব ফুটবলের চরম বিস্ময়। মেসি’র শ্রদ্ধা নিবেদনে আমরাও অভিভূত।’
