×

আশুলিয়ায় কারখানার  সেপটিক ট্যাংকে নেমে ৩ জনের মৃত্যু

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংকে নেমে পরিচ্ছন্নতাকর্মীসহ তিনজন মারা গেছেন।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার শিমুলতলার দরগারপাড় এলাকার আল রহমান নিট ফ্যাশন (বিডি) লিমিটেড নামের পোশাক কারখানায় এই ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে ট্যাংকে নেমে নিখোঁজ হন তাঁরা।

নিহতরা হলেন পরিচ্ছন্নতাকর্মী মিঠু, পোশাক শ্রমিক রাকিব ও মোহাম্মদ আলী। তাঁদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ৩টার দিকে পরিচ্ছন্নতাকর্মী মিঠু সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন। অনেক সময় পরেও তাঁর কোনো সাড়াশব্দ না পেলে কারখানার শ্রমিক প্রথমে রাকিব ও পরে মোহাম্মদ আলী নামেন। পরে ৩ জনেরই কোনো সাড়াশব্দ না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করে। ঘটনার পর থেকে কারখানা কর্তৃপক্ষের কাউকেই খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, ‘আমাদের ডুবুরি দল ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে।’