×

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি

নিজস্ব প্রতিবেদক : বোর্ড গঠন করে গার্মেন্টস শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিকদের সংগঠনগুলো।

আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ চত্বরে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন ও গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তোলেন সংগঠনের নেতারা।

সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়ক তাসলিমা আখতার। তিনি ৭ দফা দাবি উপস্থাপন করেন।

দাবিগুলো হলো- ৩০ দিনের মধ্যে মজুরি বোর্ড গঠন করে ২৫ হাজার টাকা ন্যুনতম মজুরি ঘোষণা, নতুন মজুরির আগে ৬০ শতাংশ মহার্ঘ ভাতা চালু, প্রভিডেন্ট ফান্ড চালু ও ১০ শতাংশ ইনক্রিমেন্ট প্রদান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গ্যাস, বিদ্যুতের দাম কমানো, শ্রমিক ছাটাই বন্ধ ও স্থায়ী রেশনিং কার্ড চালু করা।

দাবি আদায়ে ২০ মার্চ থেকে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন শহরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচির কথাও বলা হয় সমাবেশে।

গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু তার বক্তব্যে বলেন, গার্মেন্টস শিল্পে মালিকেরা যেমন অর্থ বিনিয়োগ করেন তেমনি শ্রমিকেরাও তাঁদের শ্রম বিনয়োগ করেন। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। আগামী ৩০ দিনের মধ্যে মজুরি বোর্ড গঠন করা না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল প্রমুখ।