×

সদরঘাটে বস্তিতে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর পুরান ঢাকার সদরঘাটে একটি বস্তিতে আগুন লেগেছে। এতে ৩৩টি কাঁচা ঘর পুড়ে গেছে।

শনিবার ভোরে সদরঘাট থানাধীন এসআরবি কলোনি নামের ওই বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার ভোর ৪টা ২০ মিনিটে বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে আগুন নেভাতে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। সকাল ৬টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ২২ জন মালিকের ৩৩টি কাঁচা বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, বেড়ার ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ৩৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত করে জানানো হবে বলে জানান তিনি।