নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট : গভীর রাতে ঘুমন্ত মা-বাবার পাশ থেকে ১৭ দিন বয়সী সানজিদা আক্তার সোহানা নামের চুরি যাওয়া নবজাতকের লাশ উদ্ধার হয়েছে।
বুধবার সকালে পুলিশ ওই বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করে।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামে রোববার রাত ১১টার দিকে স্বামী- স্ত্রীর মাঝখানে মেয়েকে নিয়ে ঘুমিয়ে যান। রাত আনুমানিক দুইটার দিকে তারা জেগে দেখেন। তার বালিশটি খাটের নিচে পড়ে আছে। ঘরের দরজাও খোলা। সন্তান হারিয়ে এখন পাগলপ্রায় শিশুটির বাবা জেলে সুজন খান ও মা শান্তা আক্তার।
এর আগে রোববার রাতে চুরি যাওয়া ওই নবজাতকের দাদা মো. আলী হোসেন খান বাদী হয়ে সোমবার রাতে মোরেলগঞ্জ থানায় অপহরণ মামলা করেন।
প্রতিবেশীদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহের কারণে শত্রুতাবশত ১৭ দিনের শিশুকে চুরির পর হত্যা করে লাশ পুকুরে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পরিবার ও স্থানীয়রা জানায়, শিশুটি চুরি হওয়ার পর বাড়ির পুকুরে একাধিকবার জাল ফেলাসহ বিভিন্ন উপায়ে খোঁজা হয়েছিল। তখন তার কোনো সন্ধান মেলেনি। ভোরে বাড়ির পুকুরে নবজাতকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়া হয়।
পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠায়।
এ মামলার তদন্ত কর্মকর্তা মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বুধবার পুকুর থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
