নিজস্ব প্রতিবেদক, টঙ্গী: গাজীপুরের টঙ্গীতে থানা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মহর আলী মৃধার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং কারামুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ।
শুক্রবার দুপুরে দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম-খতিব, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ শতশত মানুষ অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মুফতি ওসমান গনি, মাওলানা রুহুল আমিন, হাজী মনির হোসেন, হাবিব মিয়া, হাসান মোল্লা, জসিম মাতবর, ইসরাফিল হোসেন, মোতাহার হোসেন খান মিঠু, ইব্রাহিম চৌধুরী, হারুনুর রশিদ, সাঈদ খোকন, শাহাদাৎ হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মহর আলী মৃধা আওয়ামী লীগের দুঃসময়ের কর্মী। তার বাবা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। সামাজিক ও রাজনৈতিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করতে একটি কুচক্রী মহল দীর্ঘদিন যাবত অপতৎপরতা চালিয়ে আসছে। সে লক্ষ্যে জহির মার্কেট কসাইবাড়ি এলাকার একজন চিহ্নিত মামলাবাজ নারীর দ্বারা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
