নিজস্ব প্রতিবেদক: ঢাকার আশুলিয়ায় জ্বলন্ত চুলা থেকে টিনশেড ঘরে আগুন লেগে ঘরে আটকা পড়ে আঁখিমণি নামে তিন বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। আশুলিয়ার পবনারটেক এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর জিহাদ হোসেন জানান, রাতে পবনারটেক রূপায়ন মাঠ এলাকার হুমায়ুন ও হানিফের টিনশেড বাড়িতে আগুন লাগার খবর পান তারা। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ঘরের মধ্যে আটকা পড়ে আঁখিমণির মৃত্যু হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আঁখিমণি লালমনিরহাট জেলার বনগ্রাম এলাকার রফিকুল ইসলামের মেয়ে। রফিকুল ইসলাম ও তার স্ত্রী ওই এলাকায় সন্তানসহ ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করেন।
স্থানীয় বাসিন্দা মো. সিরাজুল ইসলাম জানান, হুমায়ুনের বাড়িতে ছয়টি কক্ষ আছে। সেখানে একটি কক্ষে আঁখিমণি ছিল। সে বের হতে না পেরে পুড়ে মারা যায়।
