×

করোনা আক্রান্ত সুয়ারেজ

খেলা ডেস্ক :  করোনার আক্রমনে টিম উরুগুয়ে নাজেহাল। কারণ, দলটির অন্যতম সেরা তারকা লুইজ সুয়ারেজ এবং গোলকিপার রড্রিগো মুনজ করোনায় আক্রান্ত। এখন এমন অবস্থা যে, বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিলের বিপক্ষের গুরুত্বপূর্ণ ম্যাচে পাওয়া যাবে না তাদের। উপরন্তু, প্রথম একাদশ কি হবে, সেটা নিয়েই হিমশিম খাচ্ছে টিম ম্যানেজমেন্ট। কারণ, সুয়ারেজ এবং রড্রিগোর সংস্পর্শে বিগত দিন কে কে এসেছেন, তাদের করোনা-রিপোর্ট কি আসবে, তা নিয়েই দু:চিন্তা তাদের। উরুগুয়ে টিমের একটি সূত্র জানায়, এমনও হতে পারে ওই ম্যাচে রিজার্ভ বেঞ্চের একাধিক ‘নতুন মুখ’ দেখা যেতে পারে।

মূল বিষয় হল, উরুগুয়ের দুই ফুটবলার ছাড়াও করোনা আক্রান্ত দলের সাপোর্ট স্টাফ মাতিয়াস ফারাল। আজ মঙ্গলবার ব্রাজিলের বিরুদ্ধে নিজেদের মাঠে খেলা উরুগুয়ের। সেই ম্যাচে দলের অন্যতম সেরা স্ট্রাইকারকে পাবে না দু’বারের বিশ্বজয়ী দল। এ নিয়ে চিন্তা তো রয়েছেই, এখন বাড়তি চিন্তা হল আরও অনেকের শারীরিক অবস্থা। শুধু সুয়ারেজ বা মুনজ নয়, এর আগে উরুগুয়ে দলে করোনা আক্রান্ত হয়েছিলেন ডিফেন্ডার মাতিয়াস ভিনা। ব্রাজিলের বিরুদ্ধে তাকেও পাবে না উরুগুয়ে। ফলে পরিস্থিতি জটিল।