×

লকডাউনে বিচ্ছিন্ন ঢাকা: তবুও এড়ানো যাচ্ছে না করোনা সংক্রমণ ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বিচ্ছিন্ন করা হয়েছে রাজধানী ঢাকাকে। এর ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। অসুস্থ রোগী, বৃদ্ধ, শিশুদের নিয়ে পথে পথে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে মানুষদের। ঢাকার সবগুলি প্রবেশপথে অবস্থান নিয়ে আইন শৃঙ্খলাবাহিনী সবরকম যানবাহান চলাচলে বাধা দিচ্ছে।

ঢাকার পার্শবর্তী জেলাগুলিতে লকডাউনের কারনেও ঢাকা ছাড়তে গিয়ে পড়তে হচ্ছে ভোগান্তিতে। ট্রেন বন্ধ ঘোষণার পর অগ্রিম কেনা টিকেটের টাকা ফেরত নিতে এসে আর এক দফা হেনস্থা হচ্ছেন যাত্রীরা। এদিকে, দূরপাল্লার বাস বা ট্রেন চলাচল বন্ধ থাকলেও প্রাইভেট কার, মাইক্রোবাস এবং মোটরসাইকেলে চেপে ঢাকা ছাড়ছেন প্রচুর মানুষ ।

তা ছাড়া, বৃষ্টি আর পথের দুর্ভোগ মাথায় নিয়ে হেঁটে ঢাকায় প্রবেশ করছেন আরও অনেক মানুষ। তাঁদের মধ্যে চাকুরীজীবী অফিসগামী মানুষের সংখ্যাই বেশি। এ ছাড়া রয়েছেন পোশাককর্মী, চিকিৎসা করাতে আসা রোগী ও অন্য শহর বা গ্রাম থেকে ঢাকাফেরত যাত্রীরা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এভাবে জনচলাচল অব্যাহত থাকলে করোনা সংক্রমণ ঝুঁকি এড়ানো যাবে না।

সংক্রমণের সর্বশেষ হিসেব : দেশে করোনাভাইরাসে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৮৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৭৮৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৫৮০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ২৫৬টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ২৭ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংখ্যক ৩৬ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এরপর ঢাকা বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, ময়মনসিংহে ৩ জন, রংপুর ও বরিশালে ১ জন করে ব্যক্তির মৃত্যু হয়। তবে সিলেটে এসময়ের মধ্যে করোনায় কোনো মৃত্যু হয়নি।