×

গণপরিবহন চালুর দাবিতে রোববার সারাদেশে বিক্ষোভের ডাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : লকডাউনে গণপরিবহন চালুর দাবিতে সারা দেশে বিক্ষোভ ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহন চালুর দাবি জানায় সংগঠনটি।

আগামী রোববার বিক্ষোভ এবং মঙ্গলবার সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করারও ঘোষণা দেওয়া হয়।

সংগঠনটির নেতারা বলছেন, সবকিছু চালু রেখে গণপরিবহন বন্ধ রাখায় ৫০ শতাংশ পরিবহন শ্রমিক কর্মহীন হয়েছেন। অর্ধাহারে-অনাহারে থাকা শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, দেশের সড়কপথের পরিবহনগুলোতে প্রতিদিন ৫০ লাখ পরিবহনশ্রমিক কাজ করেন। স্বাস্থ্যবিধি মানার শর্তে লকডাউন শিথিল করায় গার্মেন্টস, শপিংমল, কাঁচাবাজার, অফিস-আদালত খুলে দেওয়া হয়েছে। কেবল গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকেরা।

শ্রমিকদের স্বাস্থ্যবিধি মানা সম্ভব হবে কি না- সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি সাদিকুর রহমান বলেন, আমরা সড়ক পরিবহনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমরা বলেছি, শতভাগ স্বাস্থ্যবিধি না মানলে যে কোনো শাস্তি আমরা মেনে নেব- এটা আমাদের চ্যালেঞ্জ।

চলতি বছরের মার্চে করোনা আবার বাড়তে থাকায় লকডাউন ঘোষণা করে সরকার। লকডাউনে গণপরিবহন চলাচল বন্ধসহ কঠোর বিধিনিষেধ দেওয়া হয়। সর্বশেষ গত ২৫ এপ্রিল থেকে শপিংমল ও দোকানপাট খুলে দেওয়া হয়েছে।