×

গাজীপুরে গণপরিবহন শ্রমিকদের আর্থিক সহায়তা দিলেন মেয়র

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ‘‘ভাই মেয়র দুই হাজার ট্যাকা দিছে। আইজ আমরা ৪৪ জন তার বাড়িতে গেছিলাম। সবাইরে ট্যাকা দিছে। কি যে উপকার অইলো বুঝাইতে পারুম না।’’ মুঠোফোনে এসব কথা বলছিলেন যাত্রিবাহী বাস ভিআইপির চালক মোঃ লিটন।

লকডাউনে ক্ষতিগ্রস্থ মহানগরে গণপরিবহনের চালক, হেলপার ও কন্ডাক্টরদের আর্থিক সহায়তা দিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম।

আজ বৃহস্পতিবার দুপুরে মহানগরের ছয়দানা এলাকায় তার নিজ বাসভবনে শ্রমিকদের হাতে নগদ অর্থ তুলে দেন।

ভিআইপি বাসের চালক মোঃ লিটন জানান, লকডাউনের কারনে গণপরিবহন বন্ধ থাকায় চালক, হেলপার ও কন্ডাক্টরগণ পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে। পরে তারা বৃহস্পতিবার নিজেদের অসহায় পরিস্থিতির কথা জানাতে মেয়রের বাসায় জান। সবকিছু শুনে মেয়র তাদের প্রত্যেককে দুই হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেন।

এর আগে গণপরিবহন চালুর দাবিতে তারা গত ২৫ এপ্রিল বোর্ডবাজারে মহাসড়ক অবরোধ করে। মাতৃভাষা নিউজ পোর্টালে গণপরিবহন চালুর দাবিতে চালকদের অবরোধের সংবাদ প্রচারিত হয়।

লিটন জানান, মাতৃভাষায় তাদের খবর প্রচারিত হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি বিশেষ করে মেয়র তাদের কথা জানতে পারে। পরে আজ ৪৪জন চালক ও হেলপারকে মেয়র দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন।