×

পাঁচবিবিতে বেপরোয়া মেসি ট্রাক্টর অতিষ্ঠ জনজীবন

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) : কৃষি কাজে ব্যবহৃত মেসি ট্রাক্টর অবৈধ ভাবে রাস্তায় বেপরোয়া চলাচলে অতিষ্ঠ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জনসাধারণ। এ উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় রাত দিন চলছে কয়েক শতাধিক মেসি ট্রাক্টর। ফিটনেস বিহীন মেসি ট্রাক্টর গুলোর নেই কোন রোড পারমিট। চলে বিকট শব্দ দূষণ। অপরদিকে কয়েকদিন হেলপারের কাজ করেই ধরে বসে মেসি ট্রাক্টরের স্টিয়ারিং। এদের নেই কোন ড্রাইভিং লাইসেন্স। এসব অদক্ষ মেসি চালকরা বিশাল চাকার জটিল প্রযুক্তির ট্রাক্টরগুলো নিয়ম বহির্ভূত রাস্তায় চলাচলের ফলে অহরহ দূর্ঘটনার শিকার হচ্ছে। আর এতে প্রাণ যাচ্ছে সাধারণ পথচারীদের।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার কয়েকটি নদীর ঘাট ও ইট ভাটা গুলো থেকে প্রায় বছর জুড়েই বালু, ইট, খোয়া, পন্য সামগ্রী ও মাটি বহন করে চলছে। অনভিজ্ঞ মেসি চালকরা এসব লক্কড় ঝক্কড় যান দিয়ে বহন করতে গিয়ে প্রতিনিয়তই ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ মানুষ। বিশেষ করে ধুলাবালির কারণে সড়কে হেঁটে চলাচলকারী জনসাধারণ এবং স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য ঝুঁকিসহ নানা প্রকার সমস্যা সৃষ্টি হচ্ছে।

জানা গেছে, সরকারী বিধি অনুযায়ী এই মেসি ট্রাক্টর কৃষি কাজে ব্যবহার কথা। সে অনুযায়ী কৃষি জমি চাষাবাদে গরুর লাঙ্গলের বিকল্প হিসেবে সারাদেশের ন্যায় এ উপজেলায়ও আবির্ভাব ঘটে ট্রাক্টর নামক যান্ত্রিক লাঙ্গলের। কিন্তু সে কৃষি ট্রাক্টর মাঠের জমিতে খুব একটা টিকেনি। আবাদি জমি ছেড়ে স্থান করে নিয়েছে উপজেলার সদরসহ গ্রামের প্রত্যন্ত অঞ্চল ও বাজার কেন্দ্রিক সড়কগুলোতে। চাষাবাদের জন্য আমদানিকৃত ট্রাক্টরগুলো পরিবহণে রূপান্তরের পর থেকেই গ্রামীণ জনপদে সর্বনাশ ঘটাতে শুরু করে। যদিও তা মাত্রায় ছিল সহনশীল। সময়ের ব্যবধানে ট্রাক্টরের ভাড়া তুলনামূলক কম হওয়ায় তার সংখ্যাটাও বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

এলাকাবাসী জানায়, অদক্ষ চালক ও বৈধ কোন কাগজপত্র ছাড়াই ট্রাক্টরগুলো সড়কে চলাচলের ফলে প্রায়ই নানা দুর্ঘটনা ঘটছে। বেপরোয়া গতির এসব ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বিগত কয়েক বছরে প্রচুর মানুষের প্রাণহানি ঘটেছে। তারা আরো জানান, ট্রাক্টর চলাচলে সৃষ্ট ধুলাবলির কারণে চরম অসুবিধায় চলা ফেরা করতে হচ্ছে।

এ বিষয়ে উপজেলার মেসি ট্রাক্টর মালিক সমিতির সভাপতি মোঃ রাফিউল ইসলাম বলেন অনেক কিছুই বিধি অনুযায়ী হয় না। মঙ্গলবার দেখা যায় পাঁচবিবিতে গো-হাটিতে গরু বোঝায় করে অনেক ভটভটি আসে এবং এই ভটভটিগুলি রাস্তার পাশে রেখে দেয়, তাতে রাস্তাঘাট জানজটসহ ব্যাপক ক্ষতি হয় বলে তিনি জানান এবং নির্বাচনের সময় এই ভটভটিগুলিতে নির্বাচনী মালামাল ও আইন শৃঙ্খলাবাহিনী চলাচল করতে দেখা যায়। তখন বিধি বা আইন কোথায় থাকে। শুধু মেসি ট্রাক্টরের দোষ দেখলেই হবে?