স্পোর্টস ডেস্ক : ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্ডান্সে যোগ দেওয়ার পর এই প্রথম ন্যু ক্যাম্পে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নিজে পেনাল্টি থেকে করলেন ২ গোল। বার্সেলোনার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপের শেষ ম্যাচে ৩-০ গোলে জয় জুভেন্ডাসের।
লড়াই যদি হয় লিওনেল মেসি বনাম রোনাল্ডো, তবে গোলের বিচারে গতকাল মঙ্গলবার রাতের ম্যাচে জিতলেন জুভেন্ডাসের ৭ নম্বর জার্সির মালিক। ১৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন তিনি। ৭ মিনিটের মধ্যে ব্যবধান বাড়ান ওয়েস্টন ম্যাকেনি। দ্বিতীয়ার্ধে শেষ পেরেকটাও ঠুকে দেন রোনাল্ডো পেনাল্টি থেকেই। যদিও এই হারের ফলে শেষ ১৬-এ যেতে অসুবিধা হয়নি বার্সেলোনার।
প্রথম গোল করার সঙ্গে সঙ্গে রোনাল্ডোর ন্যু ক্যাম্পে ১৪টি গোল হয়ে যায়। ক্লাবের হয়ে বিপক্ষের স্টেডিয়ামে করা এটাই তার সর্বোচ্চ গোল যা এই ম্যাচেই বেড়ে ১৫ হয়ে যায়। দ্বিতীয় গোলের সঙ্গেই ক্লাব কেরিয়ারে ৬৫০তম গোল করেন রোনাল্ডো। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ন্যু ক্যাম্পে প্রথম কোনও খেলোয়াড় ২বার পেনাল্টি থেকে গোল করলেন। ম্যাচ শেষে রোনাল্ডো বলেন, ‘মেসিকে আমি কখনও প্রতিপক্ষ হিসেবে দেখিনি। ওর দলের জন্য ও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে, আমি আমার দলের জন্য। আরও ভাল খেলার চেষ্টা করেছি। ওকে জিজ্ঞেস করলে ও নিশ্চয়ই তাই বলবে। আমাদের মধ্যে সবসময় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে।’
মেসি বনাম রোনাল্ডো সবসময় বাড়তি উন্মাদনা নিয়ে আসে ফুটবলপ্রেমীদের মধ্যে। তবে রোনাল্ডো বলেন, ‘গত ১৩-১৪ বছর ধরে ওর সঙ্গে পুরস্কার ভাগ করে নিচ্ছি। আমরা জানি দর্শকরা আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে নিচ্ছে নিজেদের আনন্দের জন্য।’
