স্পোর্টস ডেস্ক : দিয়েগো ম্যারাডোনার পর না ফেরার দেশে পাড়ি জমালেন আরেক কিংবদন্তী ফুটবলার পাওলো রোসি। ইটালির ১৯৮২ বিশ্বকাপ জয়ের এই নায়ক দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন। ১৯৫৬ সালের ২৩ ডিসেম্বর জন্ম এই কিংবদন্তি ফুটবলারের বয়স হয়েছিল ৬৪ বছর।
ইটালিয়ান টেলিভিশন চ্যানেল ‘রাই স্পোর্ট’আজ বৃহস্পতিবার ভোরে রোসির মৃত্যু সংবাদ প্রচার করে। সম্প্রতি এই চ্যানেলের হয়েই ফুটবল বিশেষজ্ঞ হিসেবে কাজ করছিলেন তিনি।
জুভেন্টাস এবং এসি মিলানের প্রাক্তন এই স্ট্রাইকার ১৯৮২ সালে স্পেন বিশ্বকাপে ইটালিকে প্রায় একাই চ্যাম্পিয়ন করেছিলেন। ৬টি গোল করে সেবার গোল্ডেন বুট জিতে নিয়েছিলেন তিনি। ব্রাজিলের বিরুদ্ধে ইটালির ৩-২ ব্যবধানে চিরস্মরণীয় জয়ে তিনটি গোলই করেছিলেন রোসি।
এরপর পোল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে তিনি জোড়া গোল করেছিলেন। ফাইনালে পশ্চিম জার্মানির বিরুদ্ধে ইটালির প্রথম গোল রোসিরই। শেষ পর্যন্ত ইটালি ৩-১ ব্যবধানে জিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়।
বিশ্বকাপ, সোনার বল, সোনার বুট তিনটি খেতাব একই বছরে জেতার নজির প্রথম তৈরি করেন পাওলো রোসি। পরে এই কৃতিত্ব আর একজনই দেখিয়েছেন, ২০০২ সালে ব্রাজিলের রোনাল্ডো। সেই বছর স্বাভাবিক ভাবেই ব্যালন ডি’অর জিতে নেন তিনি।
