মোহাম্মদ আলম : ঢাকার নবাবগঞ্জে ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের তালিকার ২৭২ জনকে নতুন করে যাচাই-বাছাই করা হবে।
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তালিকা দেখতে এখানে ক্লিক করুন
জামুকা’র সুপারিশ ছাড়া যাঁদের নাম বীর মুক্তিযোদ্ধা হিসেবে ‘বেসামরিক গেজেটে’ অন্তর্ভুক্ত হয়েছিলো, তাঁদের মাঝে ৩৯,৯৬১ জন মুক্তিযোদ্ধার তালিকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় নবাবগঞ্জ উপজেলার ২৭২ জনের নাম রয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে বলেন, ২০০২-এর পর থেকে এ পর্যন্ত জামুকার সুপারিশ ছাড়া যাঁরা গেজেটভুক্ত হয়েছেন, তাঁদের যাচাই-বাছাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও জামুকা আইন অনুসারে বীর মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে অবশ্যই তাঁদের সুপারিশ নিতে হবে।
জানা গেছে, ৩১ ডিসেম্বরের মধ্যে যাচাইয়ের কাজটি শেষ করতে চায় জামুকা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত কারও ভাতা বন্ধ হবে না।
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তালিকা দেখতে এখানে ক্লিক করুন
জামুকা সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই করতে উপজেলা বা মহানগর পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। উপজেলা কমিটির সভাপতি হবেন সংশ্লিষ্ট উপজেলায় যুদ্ধকালীন কমান্ডার বা ভারতীয় তালিকা বা লাল মুক্তিবার্তায় নাম থাকা একজন বীর মুক্তিযোদ্ধা, যাঁকে জামুকার চেয়ারম্যান মনোনীত করবেন। কমিটির সদস্য হবেন সংশ্লিষ্ট উপজেলার যুদ্ধকালীন কমান্ডার বা ভারতীয় তালিকা বা লাল মুক্তিবার্তায় অন্তর্ভুক্ত একজন বীর মুক্তিযোদ্ধা, যাঁকে স্থানীয় সাংসদ মনোনীত করবেন। আরেকজন সদস্য হবেন সংশ্লিষ্ট উপজেলায় যুদ্ধকালীন কমান্ডার বা ভারতীয় তালিকা বা লাল মুক্তিবার্তায় অন্তর্ভুক্ত একজন বীর মুক্তিযোদ্ধা, যাঁকে জেলা প্রশাসক মনোনীত করবেন। কমিটির সদস্যসচিব হবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি ছুটিতে থাকলে সহকারী কমিশনার (ভূমি) দায়িত্ব পালন করবেন। একইভাবে মহানগর কমিটির সভাপতি হবেন সংশ্লিষ্ট মহানগর এলাকায় যুদ্ধকালীন কমান্ডার বা ভারতীয় তালিকা বা লাল মুক্তিবার্তায় অন্তর্ভুক্ত একজন বীর মুক্তিযোদ্ধা, যাঁকে মনোনয়ন দেবেন জামুকার চেয়ারম্যান। সদস্য হবেন দু’জন বীর মুক্তিযোদ্ধা ও সদস্যসচিব হবেন অতিরিক্ত জেলা প্রশাসক।
বীর মুক্তিযোদ্ধাদের জন্য স্বীকৃত ৩৩টি প্রমাণকের ‘বেসামরিক গেজেট’ ছাড়া অন্য কোনো প্রমাণকে নাম থাকলে তাঁরা যাচাই-বাছাইয়ের আওতাভুক্ত হবেন না। জামুকা যে তারিখ, স্থান ও সময়ে যাচাই-বাছাই কার্যক্রম সম্পাদন করার জন্য নির্ধারণ করে দেবে, সেই তারিখে সংশ্লিষ্ট যাচাই-বাছাই কমিটির মাধ্যমে কাজটি হবে।
যাচাই-বাছাইএ যা উপস্থাপন করতে হবে : জীবিত এবং দেশে অবস্থানরত ব্যক্তিকে নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে সহযোদ্ধা সাক্ষী উপস্থাপন এবং দালিলিক প্রমাণসহ সংশ্লিষ্ট কমিটির সামনে যাচাই-বাছাইয়ে অংশগ্রহণ করতে হবে। একইভাবে, যাচাই-বাছাইয়ের আওতাভুক্ত মৃত ব্যক্তিদের ক্ষেত্রেও তাঁর ওয়ারিশদের একই তথ্য-প্রমাণসহ সংশ্লিষ্ট কমিটির সামনে যাচাই-বাছাইয়ে অংশগ্রহণ করতে হবে। কমিটির সদস্যরা যাচাই-বাছাইয়ের আওতাভুক্ত ব্যক্তি বা মৃত ব্যক্তির ওয়ারিশদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ সম্পর্কে যেকোনো ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন। একইভাবে, ওই ব্যক্তির সমর্থনে তথ্য-প্রমাণ পরীক্ষা করা বা আগত সহযোদ্ধা বা সহপ্রশিক্ষণ গ্রহীতাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা যাবে। তবে যাচাই-বাছাই কমিটির আওতাভুক্ত ব্যক্তির সমর্থনে ‘জানি’ বা ‘শুনেছি’ জাতীয় কোনো বক্তব্য গ্রহণযোগ্য হবে না।
