নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : বাংলাদেশে গাজীপুর সিটিতে প্রথম বারের মত পয়:বর্জ্য ব্যবস্থাপনা হচ্ছে। গাজীপুর সিটি কর্পোরশন ও আইএফসি’র সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে।
আজ বেলা সাড়ে ১১টায় মহানগরের আঞ্চলিক কার্যালয় অঞ্চল ৩ এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো : আমিনুল ইসলাম এবং ইন্টারন্যাশনাল ফাইনেন্সিয়াল কর্পোরেশন (আইএফসি)’র কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জো ওয়ার্নার চুক্তিতে সাক্ষর করেন।
আইএফসির প্রতিনিধি ফারহান তারিক জানান, বাংলাদেশে প্রথমবারের মত গাজীপুর সিটি কর্পোরেশনে পয়:বর্জ্য ব্যবস্থাপনা সিস্টেম হবে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৭ শ কোটি টাকা। আগামী ৬ মাসের মধ্যে এর কার্যক্রম শুরু হবে। বিশ্বব্যাংক এই প্রকল্পে সহযোগী হিসেবে থাকবে।
জিসিসি মেয়র মোঃ জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, গাজীপুর শহরকে গ্রীন এবং ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে চাই। সেইজন্য দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে তা বস্তবায়ন করা হচ্ছে। পয়:বর্জ্য, যেটিতে নানা ধরনের রোগ জীবানু থাকে। এই বর্জ্য খাল-বিল নদী-নালায় মিশে মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে। আইএফসি এবং ওয়ার্ল্ড ব্যাংক যৌথভাবে বাংলাদেশে প্রথমবারের মত পয়:বর্জ্য ব্যবস্থাপনা সিস্টেম প্রকল্প গাজীপুর সিটিতে বাস্তবায়ন করার উদ্যোগ নেয়ায় তাদেরকে গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি জাভেদ বিন করিম, বিশ্ব ব্যাংকের কনসালটেন্ট মেহেদী হাসান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোঃ আকবর হোসেন, প্রকৌশলী মজিবুর রহমান কাজল প্রমুখ।
