নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আগামী ১৫ দিন গুলশানের একটি বাসায় থাকবে জাপানে জন্ম নেওয়া সেই দুই শিশু। তাদের মা নাকানো এরিকো এবং বাবা শরীফ ইমরান এসময় তাদের সঙ্গে থাকবেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। এরআগে সকালে দুই শিশু ও তাদের বাবা-মা হাইকোর্টে উপস্থিত হয়। এক পর্যায়ে আইনজীবীসহ দুই শিশু এবং তাদের মা-বাবা ও ফুপুকে খাস কামরায় ডেকে সবার বক্তব্য শুনেন আদালত।
শুনানির শুরুতে মায়ের পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির আদালতকে বলেন, বাচ্চাদের মা ঢাকার বারিধারায় একটি বাসা ভাড়া করেছে। আমরা চাই ওই বাসায় বাচ্চারা মায়ের সঙ্গে থাকুক। বাচ্চাদের বাবাও তার মত করে ওই বাসায় আসুক-থাকুক। তখন বাবার আইনজীবী ফাওজিয়া করিম সেসময় বলেন, মাই লর্ড, বাচ্চারা বাবার বাসায় থাকুন। মা বাচ্চাদের দেখতে আসুক কোন সমস্যা নেই।
মা যে বাসাটার কথা বলছে সে এরিয়ায় বাচ্চাদের থাকার বিষয়ে আমাদের আপত্তি আছে।
শুনানিতে দুপক্ষের এমন দ্বিমুখী অবস্থানে প্রেক্ষাপটে আদালত বলেন, আমরা চাই বাচ্চা দুটি পারিবারিক পরিবেশে থাকুক। আপনারা একটু পজিটিভলি ভাবুন।
এরপর বাবার আইনজীবী আদালতকে বলেন, মাই লর্ড আমরা তাহলে আবার দু-পক্ষ একটু বসে সিদ্ধান্ত নেই। তারপর আপনাকে জানাই। আপনি তখন সিদ্ধান্ত দিতে পারেন। এরপর আদালত এবিষয়ে আদেশের জন্য বেলা ৩টায় সময় নির্ধারণ করেন।
