×

স্থগিত ইউপি’র ভোট ২০শে সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনার কারণে স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ এবং পৌরসভায় আগামী ২০শে সেপ্টেম্বর ভোটগ্রহণ হবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি জানান, ২০শে সেপ্টেম্বর ১৬১ ইউনিয়ন পরিষদ এবং ৯টি পৌরসভায় একযোগে ভোটগ্রহণ চলবে। এর আগে চলতি বছরের জুন মাসে ইউনিয়ন পরিষদের ভোট শুরু করেও করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে এগিয়ে নিতে পারেনি ইসি। তখন ১৬৭ ইউপি’র নির্বাচন স্থগিত রাখা হয়। নয়টি পৌরসভার সবক’টিতে এবং ১৬১ ইউপি’র মধ্যে ১১টিতে ইভিএমে ভোটগ্রহণ হবে বলে ইসি সচিব জানান।

ইসি সচিব বলেন, ২০শে সেপ্টেম্বর খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার ও নোয়াখালীর ১৬১ ইউপি এবং ৯টি পৌরসভায় ভোট হবে। এ বছরের মধ্যে বাকি নির্বাচনগুলো সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ মাসের শেষে আরেকটি কমিশন বৈঠক হবে।

সেখানে ইউপি ভোটগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। প্রায় চার হাজার ইউনিয়ন পরিষদের বাকি সাধারণ নির্বাচন কয় ধাপে এবং কবে নাগাদ অনুষ্ঠিত হবে, সে বিষয়ে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত হবে।