নিজস্ব প্রতিবেদক: সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। বুধবার রাজধানী বাড্ডার ফাতেমা’স ডেলে এক ব্যতিক্রমী ইফতারের আয়োজন করে মার্কিন দূতাবাস। ধর্মীয় স্বাধীনতার প্রচার করতে এবং বৈচিত্র্য, ন্যায্যতা এবং অন্তর্ভুক্তিকে এগিয়ে নিতে মার্কিন সরকারের প্রতিশ্রুতি প্রদর্শন করতেই দূতাবাস এমন আয়োজন করে। ইফতারের আগে শিশুরা কোরআন তেলাওয়াত, গজল পরিবেশন করে, বক্তব্য দিয়ে সবাইকে মুগ্ধ করে। রাষ্ট্রদূত পিটার হাস বলেন, আমি এখানে সব শিশুদের সঙ্গে কথা বলেছি। একজন শিক্ষার্থীকে জিজ্ঞেস করলাম তোমরা কি শিখো? সে জবাব দিলো, নেতৃত্ব। আমরা তো এটাই চাই।
পিটার হাস ছাড়াও ইফতারে ইউএসএআইডি’র ডেপুটি মিশন ডিরেক্টর রেন্ডি আলী, যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন হেলেন লা-ফেইভ, পাবলিক অ্যাফেয়ার্স বিষয়ক কর্মকর্তা শন ম্যাকিনটোশ, কালচারাল অ্যাফেয়ার্স বিষয়ক কর্মকর্তা শারলিনা হুসেইন মরগ্যান উপস্থিত ছিলেন। এ ছাড়াও অবিন্তা কবির ফাউন্ডেশনের উদ্যোক্তা রুবা আহমেদ, জাভেদ হায়দার, ফাতেমা জহিরসহ গণমাধ্যমের প্রতিনিধিরা এতে অংশ নেন।
