×

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা) ওলামা কাউন্সিল প্রধান মৌলভী মুফতি জকোরিয়া (৫৫)কে গ্রেপ্তার করেছে কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। ৫ই মার্চ শনিবার সকাল পৌনে ৭টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প পুলিশ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

তিনি কুতুপালং ক্যাম্প-১ ইষ্ট ডি/৮ ব্লকের আব্দুল করিমের ছেলে। এ ছাড়া আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এন্ড হিউম্যানিটি (এআরএসপিএইচ)”র চেয়ারম্যান মহিবুল্লাহ হত্যাকা-ের ফতুয়াদাতা এবং আরসা ওলামা শাখার প্রধান কমান্ডার।

১৪ এপিবিএন সূত্রে জানা যায়, শনিবার (৫ মার্চ) সময় সকাল পৌনে ৭ টার সময় লম্বাশিয়া ক্যাম্প পুলিশ অভিযান পরিচালনা করে কথিত আরসার ওলামা শাখার প্রধান কমান্ডার মৌলভী জকোরিয়া (৫৫) কে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার করে।

তিনি ২০১৫ সালে মিয়ানমার থেকে এসে ফেরত যান। আবার তিনি ২০১৭ সালে আশ্রিত হয়ে লম্বাশিয়া এলাকায় অবস্থান করেন এবং ২০১৯ সালে আরসা ফতোয়া বিভাগের দায়িত্ব পান। এরপর ২০২০ সালে আরসা’র কুতুপালং ক্যাম্প এলাকার ওলামা শাখার প্রধান কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

রোহিঙ্গাদের অধিকার আদায়ের শীর্ষ নেতা আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এন্ড হিউম্যানিটি এর তৎকালীন প্রধান নিহত মাস্টার মুহিবুল্লাহর সাথে তার মতবিরোধ ছিল। মুহিবুল্লাহ হত্যাকা-ের পর ক্যাম্প এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালিত হলে তিনি আত্মগোপনে চলে যান। কিন্তু তাকে ধরার জন্য ১৪ এপিবিএন হত্যাকা-ের পর থেকেই গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছিল। দীর্ঘ চার মাস প্রচেষ্টার পর ১৪ এপিবিএন এর লম্বাশিয়া ক্যাম্প পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তাকে রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের মদদদাতাদের শীর্ষ পরামর্শক হিসেবে বিবেচনা করা হয়।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক (এসপি) নাইমুল হক (পিপিএম)। তিনি বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।